কানপুরে ল্যাম্বারগিনির তাণ্ডব! তামাক ব্যবসায়ীর ছেলের বেপরোয়া গতিতে পিষ্ট ৬ পথচারী, রণক্ষেত্র ভিআইপি রোড

উত্তরপ্রদেশের কানপুরে ফের একবার গতির বলি হতে চললেন সাধারণ মানুষ। সোমবার কানপুরের ব্যস্ততম ভিআইপি রোডে এক নামী তামাক ব্যবসায়ীর ছেলের বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ির ধাক্কায় অন্তত ৬ জন পথচারী ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘাতক গাড়িটির চালক ছিলেন স্থানীয় বিজনেস টাইকুন কে কে মিশ্রের ছেলে শিবম মিশ্র। প্রত্যক্ষদর্শীদের মতে, জনবহুল রাস্তায় ল্যাম্বারগিনিটি ঝড়ের গতিতে ছুটছিল, যা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইককে ধাক্কা মারে। ধাক্কার চোটে বাইক আরোহী প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন। এরপর গাড়িটি একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে থামে।

দুর্ঘটনার পর মুহূর্তেই সেখানে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শী সত্যেন্দ্র সিং চান্ডেলের দাবি, দুর্ঘটনার পরপরই কিছু বাউন্সার ঘটনাস্থলে পৌঁছে ল্যাম্বারগিনির জানলা ভেঙে শিবম মিশ্রকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিবম অত্যন্ত প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় পুলিশ প্রথমে এফআইআর নিতে গড়িমসি করছিল। কিন্তু বিক্ষুব্ধ জনতার চাপে শেষ পর্যন্ত পুলিশ পিছু হটে এবং শিবম মিশ্রের বিরুদ্ধে মামলা রুজু করতে বাধ্য হয়।

বর্তমানে ঘাতক ল্যাম্বারগিনিটি গোয়লটোলি থানায় বাজেয়াপ্ত করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতির নেশায় সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করার এই ঘটনায় কানপুর জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও প্রভাবশালী পরিবারের হাত থেকে ন্যায়বিচার মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।