কাটা আঙুল নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে এলো ছাত্র, কী ব্যবস্থা নিল শিক্ষা সংসদ?

জলপাইগুড়ির বেলাকোবা হাইস্কুলের ছাত্র ভাবিক বর্মন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। কারখানায় কাজ করতে গিয়ে ডান হাতের তর্জনী কেটে গেলেও, সেই কাটা আঙুল নিয়েই সে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসেছে। তার এই অদম্য লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি একটি জলের কারখানায় কাজ করত ভাবিক। গত বুধবার কাজ করার সময় তার ডান হাতের তর্জনী মেশিনে ঢুকে যায়, যার ফলে আঙুলে পাঁচটি সেলাই পড়ে। শারীরিক যন্ত্রণার চেয়েও তার কাছে বড় দুশ্চিন্তা ছিল পরের দিনের দর্শন পরীক্ষা। তবে তার প্রতিবেশী বিভাস দাসের তৎপরতায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে এই ঘটনা জানানো হয়। সংসদের উদ্যোগে দ্রুত ভাবিককে রাইটারের মাধ্যমে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়।
যদিও দ্রুত রাইটার জোগাড় করা সম্ভব না হওয়ায় ভাবিক কাটা আঙুল নিয়েই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুদিপাড়া নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে সে পরীক্ষা দেয়। লেখার গতি কমে যাওয়ায় তাকে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়। এই মানসিক অবস্থার মধ্যেও সে ভালো পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছে। এই অদম্য মনোভাবের জন্য সংসদকে ধন্যবাদ জানিয়েছেন তার মা ননীবালা বর্মন।