আমেরিকার মাটিতে শেষ হচ্ছে টাটার সাম্রাজ্য! ১৭,৬২৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে ‘দ্য পিয়েরে’ হোটেল

টাটা গ্রুপ তাদের বিলাসবহুল হোটেল চেইন তাজ-এর নিউ ইয়র্কে অবস্থিত বিখ্যাত ‘দ্য পিয়েরে’ হোটেলটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে। প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ১৭,৬২৮ কোটি টাকা) এই হোটেলটি বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছে। যদি চুক্তি চূড়ান্ত হয়, তাহলে এটি প্রায় ২০ বছর পর মার্কিন মুলুকে টাটার আইকনিক হোটেলের মালিকানা হস্তান্তর হবে।
নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুসারে, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া এবং সৌদি ব্যবসায়ী এসাম খাশোগি এই হোটেলটি কিনতে পারেন। যদিও এখনও কথাবার্তা পাকা হয়নি, তবে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। চুক্তি সম্পন্ন হলে হোটেলটির ব্যবস্থাপনা সুলতানের মালিকানাধীন বিলাসবহুল চেইন ডরচেস্টার কালেকশনের হাতে চলে যাবে।
টাটা গ্রুপের অধীনস্থ কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড ওভারসিজ হোল্ডিংস এই হোটেলটির মালিক। রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ২৩২৪ কোটি টাকা বিনিয়োগ করা হলেও লোকসান হয়েছে প্রায় ৮২ কোটি টাকা। এই লোকসানের কারণেই টাটা গ্রুপ এই সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
২০০৫ সালে টাটা গ্রুপ দ্য পিয়েরে হোটেলটি অধিগ্রহণ করেছিল। উত্তর আমেরিকার অন্যতম এক্সক্লুসিভ এই হোটেলটি ২০০৯ সালে ১০০ মিলিয়ন ডলার ব্যয় করে সংস্কার করা হয়। এতে ১৮৯টি কক্ষ, একটি রেস্তোরাঁ এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। তবে এই হোটেলটি বিক্রি হয়ে গেলে মার্কিন মুলুকে টাটাদের হাতে শুধুমাত্র সান ফ্রান্সিসকোতে অবস্থিত তাজ ক্যাম্পটন প্লেস হোটেলটিই থাকবে।