কাটবে দীর্ঘদিনের ভোগান্তি! নয়া সেতু পাচ্ছে পশ্চিম বর্ধমান-বীরভূম, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার মধ্যে সড়কপথে স্থায়ী যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। অজয় নদের উপর নির্মিত কাঁকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেব কেন্দুলি পর্যন্ত স্থায়ী সেতুটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে আয়োজিত এক সরকারি সভা থেকে তিনি এই গুরুত্বপূর্ণ সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়, যা বারবার পরিদর্শন করছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক, গলসির বিধায়ক নেপাল ঘরুই-সহ বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকরা।

এই স্থায়ী সেতু নির্মাণ দুই জেলার লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে। এত দিন কাঁকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেব কেন্দুলি পর্যন্ত যাতায়াতের জন্য প্রতি বছর অস্থায়ীভাবে বালি ও মাটি দিয়ে সেতু নির্মাণ করা হতো। কিন্তু বর্ষার মরসুমে অজয়ের প্রবল স্রোতে সেই অস্থায়ী সেতু ভেসে যেত, যার ফলে দুই জেলার মানুষের চরম দুর্ভোগে পড়তে হতো। যাতায়াত ব্যবস্থা এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকত। নৌকা পরিষেবা চালু থাকলেও বড় গাড়ি এবং বাস পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ত।

এলাকাবাসীর পক্ষ থেকে বহু বছর ধরে এই স্থানে একটি স্থায়ী সেতু তৈরির দাবি জানানো হচ্ছিল, যা উভয় জেলার মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে। দুই জেলার মানুষই মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন। অবশেষে মানুষের আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেন। সেই অনুযায়ী কয়েক বছর আগে সেতু নির্মাণ কাজ শুরু হলেও, কাঁকসার শিবপুরের দিকে জমি-জটের কারণে নির্মাণকাজ থমকে গিয়েছিল। পরে প্রশাসনিক তৎপরতায় জমির মালিকদের সঙ্গে আলোচনা করে জমি সমস্যা সমাধান করা হয় এবং কাজ আবার গতি পায়। কাজ শেষ হলেও এতদিন উদ্বোধনের অপেক্ষায় ছিল, কারণ এলাকার মানুষ এবং উভয় জেলার প্রশাসন চেয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন হোক।

পশ্চিম বর্ধমানের শিবপুর ও বীরভূমের জয়দেব-কেঁদুলির মাঝখান দিয়ে বয়ে গেছে অজয় নদ। বীরভূম ও পশ্চিম বর্ধমানের বহু মানুষকে নিত্য প্রয়োজনে অজয় নদ পারাপার করতে হয়। হিউম পাইপ, মোরাম ও বোল্ডার ব্যবহার করে প্রতি বছর নদের বুকে একটি অস্থায়ী সেতু তৈরি করা হতো। কিন্তু বর্ষার শুরুতেই এই রাস্তা ভেসে যেত, এবং তখন যাতায়াতের একমাত্র ভরসা ছিল নৌকা। কিন্তু বর্ষায় অজয়ের ভয়াল রূপের কারণে নৌকা চালানোও বিপজ্জনক হয়ে উঠত, ফলে নদীর জল বাড়লে মানুষের ভোগান্তিও বাড়ত।

এবার সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। স্থানীয়দের দাবি মেনে অজয় নদের উপর তৈরি হয়েছে এই সুবিশাল সেতু। প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ডিসেম্বরে কাঁকসায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬৫ কোটি টাকা ব্যয়ে অজয়ের উপর এই নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছিলেন। জমিজট-সহ নানা সমস্যা কাটিয়ে সেই সেতুর কাজ এখন সম্পূর্ণ হয়েছে। সেতুটির দৈর্ঘ্য ২.৭৩৮ কিলোমিটার, যার মধ্যে নদীর উপর মূল অংশের দৈর্ঘ্য ১০৫৭ মিটার। এই সেতু চালু হলে দুই জেলার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং মানুষের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy