‘কাঁদুনি গাইছে পাক জঙ্গিরা!’ জন্মদিনে জয়েশ কমান্ডারকে টেনে পাকিস্তানকে নিশানা মোদীর

জন্মদিনে দেশবাসীকে বার্তা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন। মধ্যপ্রদেশের ধর এলাকায় এক অনুষ্ঠানে তিনি পাকিস্তানি মদদপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় সেনারা পাকিস্তানের হাঁটু ভেঙে দিয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের সমর্থনে পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের এক কমান্ডারের ভিডিওর কথা উল্লেখ করেন। সম্প্রতি জয়েশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি একটি ভিডিও বার্তায় স্বীকার করেছেন যে, ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুরে’ তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি জানান, এই অপারেশনে জয়েশ প্রধান মাসুদ আজহারের পরিবারের প্রায় সব সদস্যই নিহত হয়েছে। মোদী বলেন, “জয়েশ কমান্ডারের স্বীকারোক্তিই ঠিক, পাকিস্তানের চোখের পলক পড়ার আগেই অপারেশন সিঁদুরে ওদের হাঁটু ভেঙে দেওয়া হয়েছে।”

মোদী আরও বলেন, “গতকালই দেশ ও দুনিয়া দেখেছে যে, পাকিস্তানের এক সন্ত্রাসবাদী কাঁদুনি গাইতে গাইতে ওদের হাল প্রকাশ করেছে। ইয়ে নয়া ভারত হ্যায়। এই ভারত কারও পরমাণু ধমকিতে ভয় পায় না।” তিনি তাঁর পরিচিত ভঙ্গিতে বলেন, “এই নতুন ভারত ঘরে ঢুকে মারে।”

তিনি আরও বলেন, সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হলো ভারতমাতাকে রক্ষা করা। “পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা-বোনের সিঁদুর মুছে দিয়েছিল। আমরা অপারেশন সিঁদুরে ওদের নাম ও নিশান মুছে দিয়েছি।”

উল্লেখ্য, এতদিন ধরে জয়েশ নেতারা ভারতীয় সেনা অভিযানের পর ক্ষতির বিষয়টি স্বীকার করেনি। এই প্রথম তারা প্রকাশ্যেই নিজেদের বিরাট ক্ষতির কথা মেনে নিল।