২০ দিন পর মিলল স্কুলছাত্রীর পচাগলা দেহ! অপহরণ করে খুনের অভিযোগে গ্রেফতার শিক্ষক

২০ দিন আগে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীর পচাগলা মৃতদেহ অবশেষে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের রামপুরহাটে এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে।
গত ২৮ আগস্ট রামপুরহাট শ্যামপাহাড়ি এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী টিউশন পড়তে গিয়েছিল। সেদিন থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে তাদের সন্দেহ হয়, স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল তাকে অপহরণ করেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষককে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর রাতে রামপুরহাট থানার কালিডাঙা গ্রামের কাছে একটি জলাজমিতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন, দেহটি টুকরো টুকরো করে কেটে জলে ফেলা হয়েছিল।
এই ঘটনায় প্রাথমিকভাবে নিখোঁজ ডায়েরি করা হলেও, দেহ উদ্ধারের পর খুনের মামলা রুজু করা হয়েছে। যদিও ধর্ষণের কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি। তবে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে, যা থেকে জানা যাবে কোনো যৌন নিপীড়ন হয়েছে কি না। তবে পচনের কারণে ময়নাতদন্তে কিছু সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ধৃত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে হত্যার পেছনের কারণ জানার চেষ্টা করছে।