কাঁটাতার নেই যেখানে, সেখানেই পুলিশের কড়া নজর! মুর্শিদাবাদ সীমান্তে বসানো হলো ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা!

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও কয়েক গুণ বাড়ানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল জঙ্গিপুর পুলিশ জেলা। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর ফাঁড়ির বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি চালানোর জন্য আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম চালু করা হলো।
জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ এই নতুন সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। তাঁর আশা, এই নজরদারি ব্যবস্থা চালু হওয়ার ফলে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ অনেকটাই কমবে।
কাঁটাতারহীন এলাকায় কড়া নজর
জানা গিয়েছে, মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যেসব এলাকায় এখনও কাঁটাতার নেই, মূলত সেই সব গ্রামেই নজরদারি বাড়াতে ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। অতীতে এই এলাকা দিয়েই অনুপ্রবেশ ও অপরাধমূলক কাজের বহু ঘটনা ঘটেছে। তাই এবার সীমান্ত ও সংলগ্ন গ্রামগুলোতে চলাচলের উপর কড়া নজরদারি চালানো হবে।
জঙ্গিপুর ফাঁড়ির অন্তর্গত সেকেন্দার গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা ঘাট, নবাব জাগির, মিঠিপুর সীমান্তবর্তী এলাকা, লালখানদিয়ার সহ একাধিক স্পর্শকাতর এলাকায় এই ক্যামেরাগুলি লাগানো হয়েছে। তবে নিরাপত্তার কারণে ক্যামেরাগুলির সঠিক অবস্থান প্রকাশ করা হবে না।
পুলিশ সূত্রে খবর, অপরাধ দমনের জন্য জঙ্গিপুর পুলিশ জেলাতে এখনও পর্যন্ত মোট ৯০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এখন এই সীমান্তবর্তীতে সিসিটিভি বসিয়ে এলাকায় অপরাধের উপর কড়া নজরদারি চালানো হবে বলেই পুলিশ জানিয়েছে।