কলকাতা পুলিশের নাকের ডগায় মাফিয়ারাজ, গুলশন কলোনিতে তাণ্ডব, বোমাবাজি, কিছুই জানেন না মেয়র!

বৃহস্পতিবার সন্ধ্যায় ইএম বাইপাস সংলগ্ন গুলশন কলোনি পরিণত হয়েছিল এক ‘গুন্ডারাজে’। বন্দুক হাতে দাপাদাপি, শূন্যে গুলি, ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ভাঙচুর, এবং অবশেষে বোমাবাজির ঘটনা ঘটে। কিন্তু ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আমার জানা নেই। আমি কী করে বলব? আমি জানিই না ব্যাপারটা। আমি নিশ্চয়ই এ ব্যাপারে খবর নিচ্ছি।”

বিরোধী দলনেতার কড়া আক্রমণ

এই ঘটনার ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “মা-মাটি-মানুষের সরকার এখন মাফিয়া-মাস্তান-মার্ডারারদের সরকার।” তার অভিযোগ, গুলশন কলোনিতে প্রচুর বাংলাদেশি মুসলিমরা এসে ঘাঁটি গেড়েছে এবং এই এলাকা অপরাধীদের ‘অন্ধকূপে’ পরিণত হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের অপরাধের ঘটনা বারবার ঘটলেও পুলিশ শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সিন্ডিকেটের লড়াইয়ের কারণে ব্যবস্থা নিতে ব্যর্থ।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মন্তব্য

বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এই ঘটনার জন্য রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দায়ী করেছেন। তিনি বলেন, “যেখানে রোহিঙ্গা ঢুকবে সেখানে এই জিনিসই হবে। যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে… সেখানে এই ধরনের ঘটনা ঘটবে, এটা কোনো বিস্ময়ের বিষয় নয়।” তিনি আরও বলেন, “গোটা কলকাতাই এবার গুলশন কলোনি হয়ে যাবে, সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে।”

এই ঘটনায় একদিকে যেমন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি বিরোধী দলগুলি শাসক দলের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ তুলেছে।