কলকাতায় সাতসকালে ইনকাম ট্যাক্সের হানা! চেতলা থেকে আলিপুর— আয়কর আধিকারিকদের জালে সারের ব্যবসায়ী

সোমবার সপ্তাহের শুরুতেই শহর কলকাতায় বড়সড় আয়কর অভিযান। দক্ষিণ ও মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করলেন আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, মূলত হিসাব বহির্ভূত সম্পত্তি এবং আয়কর ফাঁকির পুরনো একটি অভিযোগের ভিত্তিতেই এই ম্যারাথন রেইড চালানো হচ্ছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মোট ৮টি জায়গায় এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে।
জানা গিয়েছে, তদন্তকারীদের নজরে রয়েছেন সুধীর সাতনালিওয়ালা নামে এক ব্যবসায়ী। তিনি একটি বড় জৈব সার প্রস্তুতকারক সংস্থার মালিক। সোমবার সকালে আলিপুরের ১০ নম্বর রাজা সন্তোষ রোডে তাঁর বিলাসবহুল আবাসন এবং ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডে তাঁর অফিসে হানা দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সকাল থেকেই নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। চেতলার অফিসে তল্লাশি সেরে আধিকারিকদের একটি দল বর্তমানে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।
সাম্প্রতিক সময়ে আয়কর হানা ঘিরে একাধিক চাঞ্চল্যকর ঘটনা শিরোনামে এসেছে। বিশেষ করে গত ৩০ জানুয়ারি বেঙ্গালুরুর প্রখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী সিজে রায়ের বাড়িতে আয়কর হানা চলাকালীন তাঁর আত্মহত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতায় সারের ব্যবসায়ীর ডেরায় আয়কর দফতরের এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে আধিকারিকদের অনুমান, দীর্ঘ দিন ধরে আয়ের একটি বড় অংশ গোপন করে কর ফাঁকি দিচ্ছিলেন ওই ব্যবসায়ী। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি এখন স্ক্যানারের নিচে। তল্লাশি শেষ হলে কত পরিমাণ হিসাব বহির্ভূত সম্পত্তি বা নগদ উদ্ধার হলো, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। বর্তমানে এই অভিযানের জেরে তটস্থ শহরের ব্যবসায়ী মহলের একাংশ।