কলকাতায় বসে মার্কিন নাগরিকদের প্রতারণা! ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ১০, উদ্ধার কোটি টাকার সম্পদ

কলকাতায় বসে মার্কিন নাগরিকদের সঙ্গে আন্তর্জাতিক প্রতারণা চক্র চালানোর অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শহরের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এই প্রতারণা চক্রের মূল পান্ডা জাভেদ খান-সহ দশজনকে আটক করা হয়।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই ঘটনার তদন্ত করছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি মহানগরের বিভিন্ন আবাসনে কল সেন্টারের আড়ালে প্রতারণার কাজ চালাত।
যেভাবে চলত প্রতারণা
পুলিশ সূত্রে খবর, এই চক্রটি মার্কিন নাগরিকদের টার্গেট করত। তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার নাম ব্যবহার করে ফোন করত। কখনও প্রযুক্তিগত সহায়তার কথা বলে, আবার কখনও টাকা ফেরতের প্রলোভন দেখিয়ে প্রতারণার জাল বিস্তার করত। এভাবে বহু মার্কিন নাগরিককে ফাঁদে ফেলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
প্রতারিতদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই তদন্ত শুরু করে এবং কয়েক সপ্তাহ ধরে নজরদারির পর ভুয়ো কল সেন্টারগুলোর হদিশ পায়। এরপর মঙ্গলবার গভীর রাতে পুলিশি অভিযানে জাভেদ খান-সহ দশজন অভিযুক্ত ধরা পড়ে।
উদ্ধার হয়েছে বিপুল সম্পত্তি
পুলিশ অভিযুক্তদের হেফাজত থেকে ১০ লক্ষাধিক নগদ টাকা, ১০টি মোবাইল ফোন, ৮টি ল্যাপটপ, একটি রাউটার, প্রচুর সোনার গয়না এবং তিনটি এক্সারসাইজ বুক উদ্ধার করেছে। ওই খাতাগুলোতে টাকার লেনদেন ও ভুয়ো কল সেন্টার পরিচালনার বিস্তারিত নথি পাওয়া গেছে। এছাড়াও, একটি স্কোডা স্লাভিয়া গাড়ি, একটি মাহিন্দ্রা এক্সইউভি এবং ১০টি দামি ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের ধারণা, এই বিপুল সম্পত্তি সবই প্রতারণার মাধ্যমে অর্জিত।
পুলিশ অভিযুক্তদের হেফাজতে নিয়ে এই চক্রের পেছনে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা করছে। পুলিশের সন্দেহ, এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে।