জ্যান্ত সাপ চিবিয়ে খেলেন এক ব্যক্তি! ৪১ বার সাপের কামড় খেয়েও প্রাণে বাঁচল কিশোরী

উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার জহরপুর গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। গ্রামের এক কিশোরী, রাহমাতুল বানো, এখনও পর্যন্ত ৪১ বার সাপের কামড় খেয়েছে। প্রতিবারই সে অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছে। বর্তমানে ৪১তম ছোবলের পর সে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পরিবারের সদস্যরা নিশ্চিত যে সে এবারও বেঁচে ফিরবে।
কিশোরীর পরিবার জানিয়েছে, গ্রামে সাপের উপদ্রব থাকলেও কেবল রাহমাতুলকেই বেছে বেছে সাপে ছোবল মারে। সম্প্রতি, বৃহস্পতিবার বিকেলে আবারও তাকে সাপে ছোবল মারে। এরপরই তাকে বারাবাঁকির একটি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসকরা এই বিরল ঘটনায় হতবাক। যদিও তারা জানিয়েছেন, কিশোরীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।
রাহমাতুলের ভাই আজাদ বলেছেন, “আমার বোনকে এর আগে ৪০ বার সাপে ছোবল মেরেছে। তাকে লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও ট্রমা সেন্টারেও ভর্তি করানো হয়েছিল। প্রতিবারই সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এটা গল্পের মতো শোনালেও বাস্তবে এটাই ঘটেছে।” পরিবারের সদস্যরা এই ঘটনাকে অলৌকিক বলে দাবি করেছেন।
জ্যান্ত সাপ চিবিয়ে খেলেন এক ব্যক্তি!
একই রাজ্যের বান্দা জেলায় আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘুমের মধ্যে সাপের কামড় খেয়ে রেগে গিয়ে এক ব্যক্তি জ্যান্ত সাপটিকে চিবিয়ে গিলে ফেলেছেন। মতবদল যাদব নামের ওই ৫৫ বছর বয়সী কৃষক নিজের বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ হাতে জ্বালা অনুভব করে তিনি দেখেন একটি সাপ তাকে কামড়েছে। সাপের ওপর রেগে গিয়ে তিনি সাপটিকে ধরে চিবিয়ে খেয়ে ফেলেন।
পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে দেখতে পেয়ে আঁতকে ওঠেন এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রামে সাপের উপদ্রব থাকলেও এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এই ঘটনায় স্থানীয়রাও হতবাক হয়েছেন।
প্রসঙ্গত, গত বছর বিহারের গয়া জেলায় এক শিশু খেলার ছলে একটি সাপের বাচ্চাকে কামড়ে দুই টুকরো করে দিয়েছিল। চিকিৎসকরা জানান, সাপটি বিষধর না হওয়ায় শিশুটি প্রাণে বেঁচে যায়।