কম্পিউটারে আপনি কী করছেন সব মনে রাখবে চ্যাটজিপিটি! ওপেনএআই-এর নতুন ফিচার ঘিরে কোন বিরাট বিতর্ক?

চ্যাটজিপিটিকে আরও বেশি প্রাসঙ্গিক ও কার্যক্ষম করে তুলতে একটি নতুন ফিচার নিয়ে এল ওপেনএআই (OpenAI)। ‘Computer History’ নামের এই নতুন ফিচারটি বিশেষভাবে ম্যাকওএস (macOS)-এর চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপের জন্য তৈরি করা হয়েছে। এর মূল কাজ হলো ব্যবহারকারী কম্পিউটারে কোন কোন অ্যাপ বা ওয়েবসাইটে কী ধরনের কাজ করছেন, তার প্রসঙ্গ মনে রাখা এবং পরবর্তীতে সেই তথ্যের ভিত্তিতে আরও নির্ভুল উত্তর দেওয়া।
কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?
ওপেনএআই-এর আগের একটি পরীক্ষামূলক ফিচার ‘Chronicle’-এর বিকল্প হিসেবে আসছে এই ‘Computer History’। আগে যেখানে স্ক্রিন রেকর্ড ও ওএমআর (OCR) প্রযুক্তির সাহায্য নেওয়া হতো, এক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণ আলাদা।
সংস্থার দাবি অনুযায়ী, এই ফিচারটি কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করবে না, কোনো স্ক্রিনশট নেবে না এবং মাইক্রোফোন বা অডিও ব্যবহার করবে না। এর পরিবর্তে ম্যাকওএস-এর অ্যাকসেসিবিলিটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে সিস্টেম-লেভেল ইন্টারঅ্যাকশন পর্যবেক্ষণ করা হবে। যেমন—
এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করা (App switching)
কিবোর্ড শর্টকাট ব্যবহার করা
মাউসে ক্লিক করা ইত্যাদি অ্যাক্টিভিটি ট্র্যাক করবে এটি।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক। অর্থাৎ, এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। ব্যবহারকারী নিজে থেকে অনুমতি বা এনাবল না করলে চ্যাটজিপিটি কোনোভাবেই কম্পিউটারের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে না।
ডেটা সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন
Computer History-এর মাধ্যমে সংগৃহীত ইন্টারঅ্যাকশন লগগুলি প্রথমে ব্যবহারকারীর ম্যাক-এই সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর্যন্ত ক্যাশ (cache) হয়ে থাকে। এরপর কাঁচা ডেটা ওপেনএআই-এর সার্ভারে পাঠানো হলেও সেখানে সেটিকে হাই-লেভেল টেক্সট মেমরিতে রূপান্তর করার পর মূল ডেটা সার্ভার থেকে পাকাপাকিভাবে মুছে ফেলা হয় বলে জানিয়েছে সংস্থা। ওপেনএআই জানিয়েছে, এই ডেটা তাদের এআই মডেল ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে না।
তবে এতকিছুর পরেও গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মাইক্রোসফটের উইন্ডোজের বিতর্কিত ‘Recall’ ফিচারের সঙ্গে এর তুলনা টানছেন। বিশেষ করে মেমোরি ফাইলগুলি ম্যাক-এ আনএনক্রিপ্টেড (unencrypted) অবস্থায় সংরক্ষিত থাকায় সেই ডেটা অন্য কোনো প্রোগ্রাম বা ম্যালওয়্যারের নাগালের মধ্যে পড়ার আশঙ্কা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে টেক মহলে।
বর্তমানে চ্যাটজিপিটি প্রো, বিজনেস এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি ধীরে ধীরে চালু করা হচ্ছে। তবে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া (EEA), ইউকে এবং সুইজারল্যান্ডের ব্যবহারকারীরা আপাতত এই সুবিধা পাবেন না।