তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন কমিশনের প্রথম বৈঠকেই যোগ দিয়ে নিজের দুঁদে মেধার পরিচয় দিলেন প্রাক্তন আইপিএস রাজীব কুমার। আরজি কর আবহে যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তখনই ভোটার তালিকা সংশোধন ও আসন্ন উপনির্বাচন নিয়ে কমিশনের ডাকা বৈঠকে রাজীব কুমারের উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে বসেই তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা সংশোধনের জন্য ব্যবহৃত ‘ফর্ম ৭’ (Form 7) নিয়ে এক গুরুতর অসঙ্গতির দিকে আঙুল তুলেছেন।
রাজীব কুমার তথ্যসহ দাবি করেন, রাজ্যজুড়ে যেভাবে গণহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়ছে, তার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তিনি জানান, বহু ক্ষেত্রে আবেদনকারীর অজান্তেই বা ভুয়া পরিচয় ব্যবহার করে ভোটার তালিকায় কোপ বসানো হচ্ছে। নির্বাচন কমিশনারের সামনে তিনি স্পষ্ট করেন যে, ফর্ম ৭ জমা পড়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন যাতে কোনো প্রকৃত ভোটার তাঁর ভোটাধিকার না হারান। তাঁর এই পেশাদারী যুক্তি এবং আইনি ব্যাখ্যার সামনে কমিশনের আধিকারিকরা রীতিমতো চমকে যান। রাজনৈতিক মহলের মতে, রাজীব কুমারকে সামনে রেখে তৃণমূল আসলে বিরোধী শিবিরের ‘ভোটার ছাঁটাই’ কৌশলের মোকাবিলা করতে চাইছে।