“ও সুযোগ হাতছাড়া করবে না”-ভারত-পাক মহাযুদ্ধের আগেই বড় ঘোষণা গাভাস্কারের

আগামী ২৮ সেপ্টেম্বর, রবিবার দুবাইয়ে এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী – ভারত ও পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচের আগেই ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন। তাঁর দাবি, এই ম্যাচে ভারতের তরুণ ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা পাক বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে একটি বড় সেঞ্চুরি হাঁকাবেন।
ইন্ডিয়া টুডে-তে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লিটল মাস্টার’ গাভাস্কার পাঞ্জাবের এই ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ। তিনি জোর দিয়ে বলেন, “অভিষেক শর্মা এই সুযোগ হাত থেকে যেতে দেবে না। ও দুর্দান্ত ফর্মে আছে। ইতিমধ্যেই একটি অর্ধশতরান করেছে। বাংলাদেশের বিরুদ্ধে দুর্ভাগ্যজনক রান আউটের কারণে সেঞ্চুরি মিস হয়েছিল। কিন্তু এবার ও আবার একটা বড় ইনিংস খেলার চেষ্টা করবে। এমনকি, তিন অঙ্কের স্কোরও করতে পারে।”
চলতি এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন অভিষেক শর্মা। ৬ ম্যাচে তাঁর মোট রান ৩০৯, যেখানে স্ট্রাইক রেট ২০৪.৬৩। তিনি ইতিমধ্যেই ৩টি হাফ সেঞ্চুরি করেছেন। ২১ সেপ্টেম্বরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেই তাঁর ৭৪ রানের ইনিংসটি ছিল নজরকাড়া, যেখানে হ্যারিস রাউফের সাথে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ও শিরোনামে আসে।
এদিকে, চিরশত্রু পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারও (Shoaib Akhtar) অভিষেকের ব্যাটিং দেখে আতঙ্কিত। তাঁর মতে, ভারতীয় ব্যাটিংয়ের মূল চাবিকাঠিই হল অভিষেক। তাই পাকিস্তানকে চাপ দিতে হলে সবার আগে অভিষেকের উইকেটটি তুলে নিতে হবে, এমনটাই পরামর্শ দিয়েছেন শোয়েব।
আত্মবিশ্বাসে টগবগ করছে ভারত, চাপে পাকিস্তান
বিশেষজ্ঞ মহলের ধারণা, ফাইনালে পাকিস্তান থেকে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত। ব্যাটিং থেকে বোলিং, প্রায় সব বিভাগেই ভারতীয় দল বহু যোজন এগিয়ে। চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই দু’বার পাকিস্তানকে পরাস্ত করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারতীয় শিবির।
অন্যদিকে, দু’বার হারার পর পাক ড্রেসিংরুমে বিরাজ করছে চাপা উদ্বেগ। খেলোয়াড় থেকে শুরু করে পাক ক্রিকেট বোর্ড— প্রত্যেকেই রয়েছে চরম মানসিক চাপে। তাই শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে, ট্রফি যে ভারতের হাতেই উঠতে চলেছে, এই বিষয়ে প্রায় নিশ্চিত ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে মাঠে নেমে সেরা পারফরম্যান্স দিয়ে পাকিস্তানকে দুরমুশ করার মধ্যেই আসল সাফল্য লুকিয়ে রয়েছে।