ওয়েলিংটন টেস্টে বাদ সিরাজ ও জাডেজা! ভারতের চমকে দেওয়া সিদ্ধান্তে বিস্মিত গাভাস্কার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুতেই একাদশ নির্বাচন নিয়ে বড় চমক দিল ভারতীয় দল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টের প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়লেন তারকা পেসার মহম্মদ সিরাজ এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তাঁদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন অংশুল কাম্বোজ এবং ওয়াশিংটন সুন্দর। ভারতীয় দলের এই সাহসী বা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে। এমনকী এই সিদ্ধান্তে রীতিমতো অবাক কিংবদন্তি সুনীল গাভাস্কারও।

চার পেসার নিয়ে মাঠে নামল ভারত

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সবুজ পিচ তৈরি করা হয়েছিল, যা পেসারদের জন্য বেশ সহায়ক বলেই মনে করা হচ্ছিল। সেই কথা মাথায় রেখেই চারজন পেসার নিয়ে মাঠে নামে ভারত। দলে ফিরেছেন জসপ্রীত বুমরা। তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন অংশুল কাম্বোজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশ দীপ। বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি, আর একমাত্র অলরাউন্ডার হিসেবে একাদশে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে।

সিরাজের বাদ পড়ায় বিস্ময় গাভাস্কারের

সিরাজকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। সোনি স্পোর্টসকে তিনি বলেন, “টেস্ট দলের সঙ্গে সিরাজ শুরুতে যোগ দেয়নি, তাতে কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে শেষ একদিনের ম্যাচে ওকে খেলানোয় ভেবেছিলাম, এই টেস্টে খেলানো হবে। কিন্তু এই সিদ্ধান্ত সত্যিই অবাক করার মতো। আমার মনে হয় না, সিরাজ কখনও ভারতকে নিরাশ করেছে। ও কোনওদিনই ভারতকে হতাশ করেনি।”

গাভাস্কারের মতে, সিরাজের বোলিংয়ে এমন কোনও অবনতি চোখে পড়েনি যার জন্য তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দিতে হবে। গত বছর ইংল্যান্ড সফরে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কথাও তুলে ধরেন তিনি। গাভাস্কারের কথায়, “ওর বোলিংয়ে এমন কিছু ঘটেনি যে ওকে বাদ দিতে হবে। ওর ছন্দ ভালো রয়েছে। সম্প্রতি যতটুকু ক্রিকেট খেলেছে, তাতে ওকে ঠিকঠাকই মনে হয়েছে। কেন ওকে বেছে নেওয়া হল না, সেটা আমি জানি না। শুধু আশা করব, ওর পরিবর্তে যাঁদের নেওয়া হয়েছে, তাঁরা নিজেদের প্রমাণ করবেন।”

অংশুলের প্রশংসায় স্কট স্টাইরিস

অন্যদিকে, নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট স্টাইরিস মনে করেন, পেসারদের জন্য অনুকূল কন্ডিশনে অংশুল কাম্বোজ কার্যকরী বোলার হয়ে উঠতে পারেন। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে অংশুল নিউজিল্যান্ডকে চমকে দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

স্টাইরিস বলেন, “অকল্যান্ডে একদিনের ম্যাচে খেলেছিল অংশুল কাম্বোজ। ও যতটা মনে হয়, তার চেয়ে বেশি গতিতে বল করে। ওর বল স্কিড করে ব্যাটে আসে। লাইন-লেন্থও বেশ ভালো। পাশাপাশি পিচ থেকে সামান্য মুভমেন্টও আদায় করতে পারে। আমার মনে হয়, এই কারণেই সিরাজের পরিবর্তে ওকে নেওয়া হয়েছে। ভারতের হয়ে সিরাজ কী করেছে, তা আমি জানি। ওর হতাশ হওয়াই স্বাভাবিক। তবে এই পিচে বল ভালো মুভ করবে। আমার মনে হয়, এমন উইকেটে অংশুলকে বেছে নেওয়া খুব ভালো সিদ্ধান্ত হতে পারে।”

প্রথম ৩০ মিনিটেই জোড়া ধাক্কা, শুরুতেই জবাব

ম্যাচের প্রথম সেশনেই ভারতীয় বোলাররা দেখিয়ে দেন কেন তাঁরা এই কৌশল নিয়েছিলেন। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচের প্রথম ৩০ মিনিটের মধ্যেই নিউজিল্যান্ড শিবিরে জোড়া ধাক্কা দেন ভারতীয় পেসাররা। জসপ্রীত বুমরা ফেরান কিউয়ি অধিনায়ক টম লাথামকে, আর অংশুল কাম্বোজের শিকার হন ডেভন কনওয়ে।

বিদেশের মাটিতে সিরাজের রেকর্ড বনাম সাম্প্রতিক ফর্ম

বিদেশের মাটিতে সফলতম ভারতীয় বোলারদের একজন মহম্মদ সিরাজ। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ২৩টি উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন তিনি এবং ওভালে শেষ টেস্টে ৯ উইকেট নিয়ে ভারতকে স্মরণীয় জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন। পরিসংখ্যান অনুযায়ী, অভিষেকের পর থেকে SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) ভারতের দ্বিতীয় সফলতম বোলার সিরাজ—এই চার দেশে ২৩টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ৯১টি উইকেট এবং চারটি পাঁচ উইকেট নেওয়ার নজির।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছিল। অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে মাত্র চারটি উইকেট পান তিনি। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১১৮ রান দিয়ে চার উইকেট নেন এবং মাউন্ট মঙ্গানুইয়ে শেষ ওয়ানডেতে ৫০ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে, সিরাজকে বাদ দেওয়ার ঠিক একদিন আগেই ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল তাঁকে বিশ্বমানের পারফর্মার বলে প্রশংসা করেছিলেন।