বাংলাদেশজুড়ে আওয়ামী লিগের ডাকে লকডাউন, দা-কুড়ুল হাতে অবরোধ সমর্থকদের

২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি উসকে দিয়ে ফের রাজনৈতিক অস্থিরতা ও হিংসার কবলে বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা এবং তাঁর নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লিগের ডাকা দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চরম উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে গাজিপুর, সাভার ও আশুলিয়ায় বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
পাঁচ দিনের কর্মসূচি ও আজকের লকডাউন
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ক্ষমতায় থাকা আওয়ামী লিগ এবং তাদের সহযোগী সংগঠন যুব লিগ ও ছাত্র লিগের রাজনৈতিক কার্যকলাপ অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে দলীয় কর্মীরা ফের প্রকাশ্যে সংগঠিত হতে শুরু করেছেন। ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লিগ, যার চূড়ান্ত পর্ব হিসেবে আজ দেশজুড়ে লকডাউনের ডাক দেওয়া হয়েছে।
গত ১৪ নভেম্বর লিফলেট বিলি ও জনসংযোগের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। ১৫ নভেম্বর মিছিল ও বিক্ষোভ, ১৬ নভেম্বর জেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থায় স্মারকলিপি প্রদান এবং ১৭ নভেম্বর হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি উপলক্ষে ‘কালা দিবস’ পালন করে দলটি। আওয়ামী লিগের দাবি—দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়া বাতিল, রাজনৈতিক বন্দিদের মুক্তি, মামলা প্রত্যাহার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা।
গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ভয়াবহ সংঘর্ষ
সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ জেলায়। অভিযোগ, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আওয়ামী লিগ এবং ছাত্র লিগের কর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলা আওয়ামী লিগের কার্যালয়ও ফের খোলা হয়েছে বলে খবর।
মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় কয়েকজন দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা থানার সামনে জড়ো হন। স্থানীয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালান, থানা ভবন ও পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অস্ত্র লুঠের অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুলিশের ৯টি গাড়ি এবং ১৫টি মোটরবাইক পুড়ে যায় বলে খবর।
পরিস্থিতি আরও অবনতি ঘটে যখন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সাংসদ এস এম জিলানি এবং টুঙ্গিপাড়া পুরসভার বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। শেখ কামাল স্টেডিয়ামের কাছে জুলাই স্মারক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বুধবার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ করা হয় এবং বিক্ষোভকারীদের হাতে দা ও কুড়ুলের মতো ধারালো অস্ত্র দেখা যাওয়ার অভিযোগ উঠেছে।
২৯ জায়গায় বোমাবাজি ও শ্রমিক অসন্তোষ
শুধু গোপালগঞ্জ নয়, দেশের বিভিন্ন প্রান্তেই নাশকতা ও অশান্তির খবর মিলছে। ‘দ্য ডেইলি স্টার’-এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বাস, ট্রেন, রাজনৈতিক কার্যালয় ও সরকারি-আর্থিক প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি ২৯টি জায়গায় ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের কাছে বোমা বিস্ফোরণের ঘটনাও চাঞ্চল্য ছড়িয়েছে।
এর পাশাপাশি গাজিপুর, সাভার ও আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকেরা। রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং বুধবার গাজিপুরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রশাসনের দুশ্চিন্তা বাড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সাংসদদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জ-সহ সংবেদনশীল এলাকাগুলোতে বিপুল সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।