‘ব্রেক আপ বাবা’ থেকে ‘গালি বাবা’! ভৈরব পুজোর আজব নাম বদলের দাবিতে সরব বজরং দল

শহরের ঐতিহ্যবাহী ভৈরব পুজোর নামকরণ ঘিরে এবার তীব্র বিতর্ক দানা বাঁধল মুর্শিদাবাদের বহরমপুরে। ‘ব্রেক আপ বাবা’, ‘বস বাবা’ কিংবা ‘গালি বাবা’র মতো অদ্ভুত ও আধুনিক নামগুলি নিয়ে তীব্র আপত্তি তুলেছে বজরং দল। অবিলম্বে শহরের এমন ১৬টি ভৈরব পুজোর নাম পরিবর্তনের দাবি জানিয়েছে সংগঠনটি, যা নিয়ে স্থানীয় মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বহরমপুর শহরের অলিগলি ও বিভিন্ন পাড়ায় দীর্ঘকাল ধরেই নানা বৈচিত্র্যময় নামে ভৈরব ঠাকুরের আরাধনা হয়ে আসছে। স্থানীয় রীতি অনুযায়ী কোথাও ‘নিম বাবা’, ‘জট বাবা’, আবার কোথাও ‘ডাব বাবা’, ‘বোল্ডার বাবা’, ‘কড়াই বাবা’, ‘তেঁতুল বাবা’, ‘ঝিঙে বাবা’ বা ‘ছাতা বাবা’ নামে পুজো হয়। তবে সাম্প্রতিক সময়ে এই তালিকায় যুক্ত হয়েছে ‘প্রেম বাবা’, ‘ব্রেক আপ বাবা’, ‘বস বাবা’, ‘গালি বাবা’, ‘ইমার্জেন্সি বাবা’, ‘লরি বাবা’, ‘টোটো বাবা’ ও ‘মোবাইল বাবা’-র মতো একাধিক অভিনব ও অদ্ভুত নাম।
বজরং দলের দাবি, ‘নিম বাবা’ বা ‘জট বাবা’-র মতো প্রথাগত ও ঐতিহ্যবাহী নামগুলিতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেবতার নামের সঙ্গে ‘ব্রেক আপ’, ‘গালি’ বা ‘বস’-এর মতো শব্দ জুড়ে দেওয়ায় সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে বলে অভিযোগ তুলেছে তারা।
এই বিষয়ে বজরং দলের বহরমপুর জেলা সংযোজক প্রীতম দত্ত সমাজমাধ্যমে সরব হয়েছেন। তিনি ১৬টি ভৈরব পুজোর একটি তালিকা প্রকাশ করে সেগুলির নাম বদলের দাবি জানিয়েছেন। তাঁর দেওয়া তালিকায় রয়েছে— প্রেম বাবা, ব্রেক আপ বাবা, বস বাবা, ডাব বাবা, কড়াই বাবা, গালি বাবা, তেঁতুল বাবা, চট বাবা, সাঁকো বাবা, বোল্ডার বাবা, ইমার্জেন্সি বাবা, लরি বাবা, টোটো বাবা এবং মোবাইল বাবা-সহ আরও দুটি পুজো। পাশাপাশি, শহরের আর কোথাও এই ধরনের অদ্ভুত নামে ভৈরব পুজো হয়ে থাকলে তা বজরং দলকে জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
পুজোর নামকরণ ঘিরে বজরং দলের এই অবস্থানে ইতিমধ্যেই বহরমপুরের পুজো উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বজরং দলের জেলা সংযোজক প্রীতম দত্ত বলেন, “আমাকে আগে অনেকেই জানিয়েছিলেন, বহরমপুরের বেশ কিছু পুজো কমিটির নাম হাস্যকর। আমাকে পদক্ষেপ করতে বলেছিল। আমি প্রথমে সমাজমাধ্যম থেকে কিছু নাম পাই। অনেক পুজো আছে, नाम অনেক রকম। নীম বাবা, পাকুড় বাবা, এগুলো তো গাছের তলায় হয়, গাছের নাম অনুযায়ী হয়। একটা পুজো কমিটির নাম ব্রেক আপ বাবা, সাইলেন্সर বাবা—এগুলো কি কোনোভাবে মেনে নেওয়া যায়?”