AI-এর দুনিয়ায় ভূমিকম্প! ৮৩ ডলারে শেয়ার বিক্রি করে সবচেয়ে বড় IPO আনল অ্যানথ্রোপিক

শেয়ার বাজারে পা রেখেই ইতিহাস গড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) সংস্থা অ্যানথ্রোপিক (Anthropic)। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের শুরুতেই আইপিও (IPO)-র মাধ্যমে ৮১.৩১ বিলিয়ন ডলার তুলে নিল সংস্থাটি। এর ফলে শেয়ার বাজারে আত্মপ্রকাশের ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে বড় আইপিওর তকমা পেল অ্যানথ্রোপিক, যা পিছনে ফেলে দিল জুন মাসে আইপিও আনা স্পেসএক্সের (SpaceX) রেকর্ডকেও। প্রথম বড় এআই মডেল নির্মাতা সংস্থা হিসেবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হলো অ্যানথ্রোপিক।
সংস্থার তরফে জানানো হয়েছে, আইপিওর প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার—যা আগে ঠিক করা ৭০ থেকে ৭৮ ডলারের প্রাইস ব্যান্ডের চেয়েও বেশি। এই আইপিওর পর শেয়ার অপশন ও রেস্ট্রিকটেড স্টকের মতো সিকিউরিটিজ ধরে অ্যানথ্রোপিকের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার (এগুলি বাদ দিলে মূল্যায়ন প্রায় ১.১ ট্রিলিয়ন ডলার)।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছিল, বিনিয়োগকারীদের বিপুল চাহিদার কারণে আইপিওর আকার প্রায় ১৯ শতাংশ বাড়ানো হয়েছে। প্রাথমিকভাবে ৮২.৫ কোটি শেয়ার বিক্রির পরিকল্পনা থাকলেও তা বাড়িয়ে ৯৮ কোটি শেয়ার করা হয়। এর পাশাপাশি আইপিওর দামে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহ করছে সংস্থাটি।
AI শেয়ারে উদ্বেগ, তবু অ্যানথ্রোপিকে ভরসা
স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিওর কয়েক মাসের মধ্যেই বাজারে এল অ্যানথ্রোপিক। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলিতে চিপ নির্মাতা এবং ক্লাউড পরিষেবা সংস্থাগুলির শেয়ার নিয়ে বাজারে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। অতিরিক্ত ভ্যালুয়েশন ও এআই পরিকাঠামোর ক্রমবর্ধমান খরচ নিয়ে প্রশ্ন উঠছে; এরই মাঝে চিপ নির্মাতা এনভিডিয়ার (Nvidia) সিইও জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগ নিয়েও জল্পনা শুরু হয়েছে।
তবে এসবের মাঝেও আইপিওর আগে বিনিয়োগকারীদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে অ্যানথ্রোপিক। প্রতিদ্বন্দ্বী ওপেনএআই (OpenAI)-এর আগামী বছর শেয়ার বাজারে আসার সম্ভাবনার প্রেক্ষাপটে, প্রতিযোগিতা বাড়লে অ্যানথ্রোপিকের বৃদ্ধির গতি কেমন থাকে, সেদিকেই এখন নজর বিশ্লেষকদের।
Claude-এর জনপ্রিয়তা ও দ্রুত বাড়ছে আয়
অ্যানথ্রোপিকের ব্যবসায়িক সাফল্যের অন্যতম প্রধান চালিকাশক্তি তাদের ‘ক্লড’ (Claude) এআই মডেল। বিশেষ করে এআই কোডিং এজেন্ট ‘ক্লড কোড’ (Claude Code) সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
আইপিও সংক্রান্ত নথি অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত অ্যানথ্রোপিকের বার্ষিক আয়ের সম্ভাব্য হার (Annualized revenue run rate) দাঁড়িয়েছে ৮১ বিলিয়ন ডলার, যা ৩০ সেপ্টেম্বর ছিল ৭১ বিলিয়ন ডলার। পাশাপাশি, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এমন গ্রাহকের সংখ্যা ছিল ১১,৯০০, যাঁরা গত ১২ মাসে অন্তত ১ লক্ষ ডলার করে খরচ করেছেন—গত বছরের শেষে এই সংখ্যা ছিল ১,৫০০-র সামান্য বেশি।
আয়ের পাশাপাশি পাহাড়প্রমাণ খরচ ও লোকসানের চাপ
এআই মডেল তৈরি ও পরিচালনা করতে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে অ্যানথ্রোপিককে, যা সংস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে কম্পিউটিং ক্ষমতা ও পরিকাঠামো খাতে প্রায় ৯ বিলিয়ন ডলার খরচ করেছে তারা—যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় চার গুণ। তৃতীয় ত্রৈমাসিকে কম্পিউটিংয়ের পিছনে আরও ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
তৃতীয় কোয়ার্টারে আগের ত্রৈমাসিকের তুলনায় সংস্থার আয় ৪৭ শতাংশ বেড়ে ১৬.৯৬ বিলিয়ন ডলার হলেও, অপারেটিং স্তরে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে (আগের ত্রৈমাসিকে যেখানে ৯৭৪ মিলিয়ন ডলার অপারেটিং লাভ হয়েছিল)। যদিও নিট ক্ষতির পরিমাণ আগের কোয়ার্টারের ৬৬.৩ বিলিয়ন ডলার থেকে কমে ২৩.৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে।