‘বইয়ের সঙ্গে সম্পর্ক নেই!’ কলেজ গভর্নিং বডিতে কারা? সৃজনের তোপে পাল্টা কী বললেন দিলীপ ঘোষ?

রাজ্যের ৩৪০টি কলেজের পরিচালন সমিতিতে সরকারি সদস্য মনোনীত করল রাজ্য সরকার। সূত্রের খবর, অধিকাংশ কলেজের ক্ষেত্রেই সঙ্ঘ ও সংশ্লিষ্ট সংগঠনের ঘনিষ্ঠদের নাম প্রস্তাব করা হয়েছে এবং প্রতিটি কলেজে দু’জন করে সদস্য নির্বাচন করা হয়েছে। অতীতে তৃণমূল জমানায় কলেজের গভর্নিং বডিতে সরকারি প্রতিনিধি হিসেবে টিএমসিপি (TMCP) নেতৃত্বের প্রভাব দেখা যেত বলে অভিযোগ উঠত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাসকদলের পালাবদলের পরও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থায় সেই একই ধারা অব্যাহত থাকল। এর আগে একাধিক কলেজে বিজেপি নেতৃত্বকে পরিচালন সমিতির সভাপতি পদে বসানো নিয়েও আলোচনা হয়েছিল।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মনোনীতদের তালিকায় একাধিক পরিচিত মুখ ও দলীয় পদাধিকারী রয়েছেন। পূর্ব মেদিনীপুরের সীতানন্দ কলেজে এবিভিপি-র তমলুক প্রমুখ এবং সঙ্ঘ সদস্য সায়ন পণ্ডাকে নমিনি করা হয়েছে। গাইঘাটার গোবরডাঙা হিন্দু কলেজে সদস্য হয়েছেন যুব বিজেপির মুখপাত্র অচিন্ত্য মণ্ডল, আর ভৈরব গাঙ্গুলি কলেজে সরকারি নমিনি হিসেবে জায়গা পেয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী। মালদা কলেজের দায়িত্বে এসেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস এবং খড়্গপুর কলেজে মনোনীত হয়েছেন যুব বিজেপির কনভেনর সৌরীন গোস্বামী। বাঁকুড়ার ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্বপন মুখোপাধ্যায়, পাঁচমুড়া মহাবিদ্যালয়ে এবিভিপি-র দক্ষিণবঙ্গ সহ সম্পাদক প্রণব কুসুম মাহাতো এবং স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়ে এবিভিপি-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা প্রমুখ বাণীব্রত চট্টোপাধ্যায়ের নাম সামনে এসেছে।

এই মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার আরএসএস ও এবিভিপি-র ঘনিষ্ঠদের কলেজের গভর্নিং বডিতে বসাচ্ছে। তাঁর প্রশ্ন, এই পদে বসার কী নৈতিক অধিকার রয়েছে তাঁদের? সৃজনের কটাক্ষ, যাঁদের বইয়ের সঙ্গে দূরদূরান্তের সম্পর্ক নেই, তাঁরাই এখন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে, অথচ একসময় তাঁরাই অনিলায়নের অভিযোগ তুলতেন।

অন্যদিকে, এই বিতর্কের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ছাত্র রাজনীতিতে নানা জায়গায় সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে, অতীতে সিপিএমও এমনটা করত বলে দাবি করেন তিনি। পালাবদলের পর কেউ জায়গা ছাড়তে চায় না এবং বামেরা গায়ের জোরে চলতে চায় বলে মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে তা আর চলবে না এবং বামেদের সময় ফুরিয়ে গিয়েছে। সব মিলিয়ে, কলেজের পরিচালন সমিতিতে এই নিয়োগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।