ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ হয়নি, প্রমাণ দিলেন এই পরিচালক! কেন অভিনেত্রীকে প্রায়ই মায়ের বাড়িতে দেখা যায়?

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে গত বছর থেকে যে গুঞ্জন চলছিল, তার অবসান হলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এবং ঐশ্বর্যের প্রতিবেশী প্রহ্লাদ কাক্কার স্পষ্ট জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদ হয়নি এবং এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রহ্লাদ জানান, ঐশ্বর্যর প্রায়শই মায়ের বাড়িতে যাওয়ার কারণ হলো তাঁর মায়ের অসুস্থতা। তিনি বলেন, “ঐশ্বর্য তার মেয়ের স্কুল টাইমিং-এর ফাঁকে মায়ের কাছে যান। তিনি তাঁর মায়ের স্বাস্থ্যের ব্যাপারে খুবই চিন্তিত। লোকে বলে, উনি নাকি বিয়ে ভেঙে মায়ের সঙ্গে থাকছেন। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। তিনি মায়ের সঙ্গে থাকেন না, বরং মেয়ের স্কুল থেকে ফেরার সময়ের আগে মায়ের সঙ্গে কিছু সময় কাটান।”

প্রহ্লাদ আরও বলেন, “যদি সত্যিই তাঁদের মধ্যে বিচ্ছেদ হতো, তাহলে অভিষেক কেন শ্বশুরবাড়ি যেতেন? ঐশ্বর্যর মায়ের সঙ্গে অভিষেকও দেখা করতে যান। এই ব্যাপারটা কি কেউ খেয়াল করেছেন? তাঁরা দুজনেই এই বিষয়ে কোনো কথা বলেননি। কেনই বা বলবেন? আপনারা যতোই কিছু বলুন, ঐশ্বর্য বরাবরই নিজের মর্যাদা বজায় রেখেছেন।”

প্রসঙ্গত, ২০০৭ সালের এপ্রিলে এক ব্যক্তিগত অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বর্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে তাঁদের মেয়ে আরাধ্যর জন্ম হয়। গত বছর তাঁদের বিচ্ছেদের গুজব ছড়ায় যখন অনন্ত আম্বানির বিয়েতে বচ্চন পরিবারের বাকিদের থেকে আলাদাভাবে ঐশ্বর্য এবং আরাধ্য উপস্থিত হয়েছিলেন। যদিও এই গুজবে তাঁরা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।