অবশেষে খুলে যাচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা! প্রবল ভূমিধস ও বৃষ্টিতে বন্ধ থাকার পর ভক্তদের জন্য সুখবর

জম্মু ও কাশ্মীরর রেয়াসি জেলার ত্রিকূট পর্বতের গুহামন্দিরে মাতা বৈষ্ণোদেবী যাত্রা অবশেষে আবার শুরু হতে চলেছে। টানা প্রবল বর্ষণ এবং ভূমিধসের কারণে বেশ কিছুদিন এই যাত্রা স্থগিত রাখা হয়েছিল। শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড (SMVDB) ঘোষণা করেছে যে, বুধবার, ১৭ সেপ্টেম্বর থেকে ভক্তরা আবার যাত্রা শুরু করতে পারবেন। তবে বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, যাত্রা পুনরায় শুরু হবে শুধুমাত্র আবহাওয়া অনুকূলে থাকলে।
শ্রাইন বোর্ডের পক্ষ থেকে X (আগের টুইটার) হ্যান্ডেলে জানানো হয়েছে, “জয় মাতা দি বৈষ্ণোদেবী যাত্রা ১৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে পুনরায় শুরু হবে, আবহাওয়া অনুকূলে থাকলে। ভক্তদের অনুরোধ করা হচ্ছে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আপডেট থাকার জন্য।”
যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে প্রত্যেক যাত্রীর জন্য বৈধ পরিচয়পত্র বহন করা, নির্ধারিত পথ ব্যবহার করা এবং মাঠপর্যায়ের কর্মীদের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক। স্বচ্ছতা ও নজরদারির জন্য RFID-ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থাও কার্যকর থাকবে।
এর আগে ১৪ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করার কথা ঘোষণা করা হলেও বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়। গত ২৬শে আগস্ট অধকুয়ারির কাছে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের অদূরে ভয়াবহ ভূমিধসে ৩৪ জন ভক্তের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন আরও ২০ জন। সেই দুর্ঘটনার পরই যাত্রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। কোভিড-১৯ পর্বের পর এটিই ছিল দীর্ঘতম স্থগিতাদেশ।
মন্দিরের ১৩ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথ মেরামত, আশ্রয়স্থল এবং বাণিজ্যিক কাঠামো পুনর্নির্মাণের পর অবশেষে ভক্তদের জন্য আবার খুলে দেওয়া হচ্ছে এই পবিত্র তীর্থস্থান। ত্রিকূট পর্বতের এই গুহামন্দির দেশের অন্যতম শ্রদ্ধেয় হিন্দু তীর্থস্থান, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে।