ঐতিহাসিক লালকেল্লা থেকে চুরি যাওয়া ১ কোটি টাকার হিরে খচিত কলস উদ্ধার, গ্রেফতার চোর

কয়েক দিন আগেই দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় একটি জৈন ধর্মীয় অনুষ্ঠান থেকে কোটি টাকা মূল্যের একটি হীরক খচিত সোনার কলসি চুরি হয়েছিল। দিল্লি পুলিশ অবশেষে সেই কলসি উদ্ধার করেছে এবং চোরকেও গ্রেফতার করেছে। এই ঘটনায় দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল, কারণ ঐতিহাসিক এই ভবনটির সুরক্ষার দায়িত্বে সিআইএসএফ (CISF) সদস্যরা মোতায়েন রয়েছেন।
পুলিশের অপরাধ শাখা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই চোরকে গ্রেফতার করেছে। ফুটেজে দেখা গেছে, চোর জৈন পুরোহিতের ছদ্মবেশে এসেছিল এবং ভিড়ের সুযোগ নিয়ে মূল্যবান জিনিসপত্র ভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে ছিল একটি সোনার কলসি, ৭৬০ গ্রাম ওজনের একটি সোনার নারকেল এবং ১১৫ গ্রাম ওজনের আরেকটি হীরক, পান্না ও রুবি খচিত ছোট আকারের সোনার কলসি। এই সব জিনিসই জৈন ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হতো এবং এগুলোকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
এই মূল্যবান জিনিসগুলোর মালিক ছিলেন ব্যবসায়ী সুধীর জৈন, যিনি প্রতিদিন পূজার জন্য এগুলো নিয়ে আসতেন। তার আত্মীয় পুনিত জৈন অভিযোগ করেছেন যে, চোর এর আগেও তিনটি মন্দিরে একই ধরনের চুরির চেষ্টা করেছিল। পুলিশ সন্দেহ করছে যে চোরদের আগে থেকেই এই মূল্যবান কলসির ওপর নজর ছিল। গত মঙ্গলবার এই অনুষ্ঠানে অনেক বিশিষ্ট রাজনীতিবিদও যোগ দিয়েছিলেন।