NBSTC-র ৪০টি বাস রুট বন্ধ হয়ে যাচ্ছে? উত্তরবঙ্গবাসীদের জন্য বড় ধাক্কা!

এবার আর্থিক সংকটের কারণে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) তাদের ৪০টি গুরুত্বপূর্ণ রুটের বাস পরিষেবা বন্ধ করার কথা ভাবছে। প্রতিদিন বাস চালিয়েও জ্বালানির খরচটুকুও উঠছে না, এমনটাই জানা গেছে নিগমের এক অভ্যন্তরীণ সমীক্ষায়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার কোচবিহার পরিবহণ ভবনে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

NBSTC কর্তৃপক্ষের মতে, চিহ্নিত করা এই ৪০টি রুটে বাস চালাতে গিয়ে নিগমকে প্রতি কিলোমিটারের জন্য ২৬ টাকা লোকসান করতে হচ্ছে। প্রধানত ছোট ছোট রুটে অটো ও টোটোর দাপট বেড়ে যাওয়ায় বাসের যাত্রীসংখ্যা কমে গেছে। অনেক যাত্রী বাসের জন্য অপেক্ষা না করে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য এই বিকল্পগুলো বেছে নিচ্ছেন। এর ফলে দিনে এবং বিকেলে কিছু যাত্রী পেলেও বাকি সময়ে বাসগুলো প্রায় খালিই থাকে।

কোচবিহার থেকে বলরামপুর, কোচবিহার থেকে জলদাপাড়া, আলিপুরদুয়ার থেকে তিনটি রুট এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি রুটসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও এই ধরনের ৪০টি রুটে বাস পরিষেবা বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, “বেশ কিছু রুটে আর্থিক ক্ষতি হচ্ছে। আধিকারিকরা একটি রিপোর্ট জমা করেছেন। সোমবার বৈঠক করে কিছু রুট বন্ধ করা হবে। তবে একই সঙ্গে নতুন কিছু রুট চালু করার কথাও ভাবা হচ্ছে।”

গত দু’বছরে নিগমের প্রায় ১০০টি পুরোনো বাস অচল হয়ে পড়েছে। বর্তমানে ৭১৪টি বাসের মধ্যে গড়ে প্রতিদিন ৬০০টি বাস রাস্তায় চলাচল করে। এই পরিস্থিতিতে লোকসান কমাতে এবং পরিষেবার মান উন্নত করতে নিগমকে এমন কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।