ঐতিহাসিক ব্রিগেড, ৭ ডিসেম্বর ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, থাকছে হাই-প্রোফাইল অতিথি তালিকা

আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সাক্ষী হতে চলেছে এক অভূতপূর্ব ও বৃহৎ ধর্মীয় সমাবেশের। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে সেদিন সকালে আয়োজিত হবে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’—যা আয়োজক সংস্থার দাবি অনুযায়ী, বাংলা তথা ভারতের ইতিহাসে সমবেত গীতা পাঠের নিরিখে এক নজিরবিহীন ঘটনা।

এই বিশাল আয়োজনে সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা, এবং সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে যোগগুরু বাবা রামদেবকে। বিশেষ অতিথিদের তালিকায় বাগেশ্বরধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রীও আমন্ত্রিত হয়েছেন, যা এই অনুষ্ঠানের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আয়োজকদের বক্তব্য, পশ্চিমবঙ্গ বহুদিন ধরেই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরম্পরার গুরুত্বপূর্ণ ভূখণ্ড। সেই ঐতিহ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন মঠ-মন্দির, আশ্রম, সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমর্থন নিয়ে এই সমবেত পাঠের আয়োজন করা হয়েছে। ব্রিগেডে তিনটি মূল মঞ্চ থাকবে—পার্থ সারথি, মহাপ্রভু ও শংকরাচার্য নামাঙ্কিত মঞ্চ, সেইসঙ্গে একটি সাংস্কৃতিক মঞ্চও তৈরি হচ্ছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে স্বামী প্রদীপ্তনন্দ মহারাজ বলেন, সমাজে বিভাজনের আবহে আত্মিক চর্চা মানুষকে স্থিরতা ও সঠিক পথ দেখাতে পারে। তাঁর দাবি, রাজ্যের হাজার-হাজার গীতা-অনুরাগী ইতিমধ্যেই এই উদ্যোগে যুক্ত হয়েছেন।

আয়োজকরা সাধারণ মানুষকে এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং মূল মঞ্চের প্রস্তুতি জোরকদমে চলছে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল ৯টায়। সাংবাদিক সম্মেলনে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, নির্গুনানন্দ ব্রহ্মচারী, জগধাত্রীয়া প্রভু, বন্ধু গৌরব ব্রহ্মচারীর মতো ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।