আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহক? তাহলে আপনার জন্য রয়েছে অত্যন্ত জরুরি এক বার্তা। আগামী কয়েকদিন ব্যাঙ্কে জরুরি কোনো কাজ থাকলে তা আজকের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করুন। কারণ, বিভিন্ন সরকারি ছুটি এবং কর্মচারী ইউনিয়নের ধর্মঘটের জেরে আগামী ৬ দিন দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে পারে। ২৩ মে থেকে ২৮ মে—এই দীর্ঘ সময়ে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
ছুটির এই দীর্ঘ তালিকার শুরুতেই রয়েছে সাপ্তাহিক ছুটি। আগামী ২৩ মে চতুর্থ শনিবার এবং ২৪ মে রবিবার হওয়ায় স্বাভাবিক নিয়মেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপরই শুরু হচ্ছে কর্মচারীদের বড়সড় আন্দোলন। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন আগামী ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) দেশজুড়ে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে।
কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত আউটসোর্সিংয়ের ফলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান হ্রাস, নতুন নিয়োগের অভাব, পদোন্নতির নীতি এবং এইচআরএমএস (HRMS)-এর জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল। এছাড়া ব্যাঙ্কে নিরাপত্তারক্ষীর অভাব নিয়েও ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে, যা কর্মী ও গ্রাহক—উভয়ের জন্যই ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দাবিগুলোর সমর্থনে কয়েকদিন আগেই কলকাতায় ১৬ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন ফেডারেশনের সদস্যরা।
ছুটির তালিকার এখানেই শেষ নয়। ২৭ মে বা ২৮ মে বিভিন্ন রাজ্যে পালিত হবে বকরি ইদ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ক্যালেন্ডার অনুযায়ী, বেশিরভাগ রাজ্যে ২৭ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তবে জম্মু ও কাশ্মীরের মতো কিছু রাজ্যে ২৭ এবং ২৮ মে—উভয় দিনই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে গ্রাহকদের দীর্ঘ সময়ের জন্য ব্যাঙ্কের শাখা থেকে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে।
তবে গ্রাহকদের উদ্বেগের কোনো কারণ নেই। ব্যাঙ্ক বন্ধ থাকলেও এসবিআই-এর ডিজিটাল পরিকাঠামো অর্থাৎ ইন্টারনেট ব্যাঙ্কিং (YONO SBI), ইউপিআই (UPI) এবং এটিএম (ATM) পরিষেবা সাধারণের জন্য সচল থাকবে। জরুরি প্রয়োজনে গ্রাহকরা অনলাইন লেনদেন, ফান্ড ট্রান্সফার এবং টাকা তোলার কাজ অনায়াসেই করতে পারবেন। তবে কোনো বড় লেনদেন বা ব্যাঙ্কে গিয়ে সশরীরে নথি জমা দেওয়ার কাজ থাকলে তা আজকের মধ্যেই মিটিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ডিজিটাল লেনদেনে কোনো সমস্যা হলে এসবিআই-এর কাস্টমার কেয়ার অ্যাপের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।





