এসএসসি দুর্নীতির ছায়া, গ্রুপ সি ও ডি-এর ভাতা বন্ধ! হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের অনিশ্চিত ভবিষ্যৎ

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক সরকারি ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা আজ এই স্থগিতাদেশের মেয়াদ আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত বাড়িয়েছেন। ফলে, আপাতত এই চাকরিহারারা কোনো ভাতা পাবেন না।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি হারানো গ্রুপ সি ও ডি কর্মীদের যথাক্রমে মাসিক ২০ হাজার ও ২৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। তাদের অভিযোগ ছিল, দুর্নীতির কারণে তারা চাকরি পাননি, অথচ অযোগ্য হয়েও এই কর্মীরা সরকারি ভাতা পাচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি।
এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পূর্বেও রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন। আজ সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে তিনি রাজ্যের কাছে প্রশ্ন তোলেন, “ভাতা পাওয়ার বিনিময়ে এই প্রার্থীরা কী দেবেন? বাড়িতে বসে কেন তাঁরা টাকা পাবেন?”
রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, হঠাৎ চাকরি চলে যাওয়ায় তাদের জীবনযাপন যাতে থমকে না যায়, সেদিকে তাকিয়েই এই ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোশাল সিকিওরিটি ইন্টারিম স্কিম ২০২৫’ চালু করা হয়েছে। কিন্তু আদালত রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। ফলস্বরূপ, প্রাথমিকভাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়েছিল এবং রাজ্যকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছিল। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত করা হলো।