এসআইআর আতঙ্কের মাঝে মানবিকতা! টোটোতে চড়ে বাড়ি বাড়ি ভোট তথ্য সংগ্রহ করছেন আহত বিএলও

রাজ্যজুড়ে যখন এসআইআর (Special Summary Revision) বা ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে আতঙ্ক, শাসক-বিরোধী চাপানউতোর এবং কাজের চাপে বিএলও-দের অসুস্থ হওয়ার খবর আসছে, তখনই এক আহত বিএলও-র মানবিক মুখ দেখা গেল ক্যানিংয়ে।
আহত ভোটকর্মীর দায়িত্ব পালন:
ক্যানিং ১ নম্বর ব্লকের গোপালপুর পঞ্চায়েতের হেড়োভাঙ্গা কাছারিপাড়া এলাকার বাসিন্দা সিন্টু রাউৎ পেশায় প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী পার্শ্ব শিক্ষক। এবার ক্যানিং পশ্চিম বিধানসভার ২৩৮ নম্বর বুথের বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। এই বুথে মোট ভোটার ১১১৩ জন।
কিছু দিন আগে এক পথ দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে জখম হন। তাঁর কোমর ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং এক মাসেরও বেশি সময় তিনি শয্যাশায়ী ছিলেন। সামান্য সুস্থ হতেই তিনি এসআইআর-এর কাজে মাঠে নেমে পড়েছেন।
টোটো করে বাড়ি বাড়ি:
শারীরিক অসুস্থতা সত্ত্বেও কর্তব্যের কথা মাথায় রেখে সিন্টু রাউৎ একটি টোটো রিজার্ভ করেছেন। সেই টোটোতেই তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটারদের তথ্য সংগ্রহ করতে। প্রয়োজনে সহকারী হিসেবে সাহায্যের জন্য নিজের ছেলেকেও সঙ্গে রাখছেন।
তিনি ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেওয়ার পাশাপাশি কীভাবে তা পূরণ করতে হবে, তাও দেখিয়ে দিচ্ছেন। এমনকি টোটোতে বসেই ফর্মগুলি পূরণ করা এবং সংগ্রহ করার কাজ করছেন।
সিন্টু রাউৎ বলেন, “আমার উপর SIR-এর দায়িত্ব দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমি মনে জোরে এই কাজটা করছি। সবাই আমাকে সাহায্যও করছেন। আমি চাই এসআইআর-এর কাজটা আরও ভাল করে হোক।” ক্যানিংয়ের এই বিএলও-র কর্মনিষ্ঠা এখন গোটা এলাকায় এক দৃষ্টান্ত তৈরি করেছে।