এবার সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম! জামুড়িয়ায় প্রথম এই উদ্যোগে খুশি শিক্ষক থেকে পড়ুয়ারাও

সরকারি স্কুল মানেই ভাঙা বেঞ্চ, স্যাঁতসেঁতে দেওয়াল আর পুরনো পরিকাঠামো—এই ধারণাকে ভেঙে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে জামুড়িয়ার ইকড়া প্রাথমিক বিদ্যালয়ে। এবার থেকে এই সরকারি স্কুলেও চলবে ঝকঝকে স্মার্ট ক্লাসরুম, যা পশ্চিম বর্ধমান জেলায় প্রথম।

জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং এবং জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান রথীন্দ্রনাথ মজুমদার সম্প্রতি এই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেছেন। স্কুলের প্রধান শিক্ষক রাজীব রায় জানান, বর্তমান যুগে মোবাইলের প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণকে পড়াশোনার কাজে ব্যবহার করাই তাদের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিশুদের উপস্থিতি বৃদ্ধি এবং স্কুলছুটের সংখ্যা কমানো সম্ভব হবে বলে তারা আশাবাদী।

স্মার্ট ক্লাসে একটি ডিজিটাল বোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা অডিও-ভিসুয়াল কনটেন্ট দেখতে পাবে এবং নিজেরাই তা পরিচালনা করতে পারবে। শিক্ষকেরা মনে করেন, এই পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে।

এই উদ্যোগের প্রশংসা করে রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডঃ পার্থ কর্মকার বলেছেন, “রাজ্যে কয়েকটি স্কুলে স্মার্ট ক্লাস শুরু হলেও এত ঝাঁ চকচকে ক্লাসরুম চোখে পড়েনি। এই উদ্যোগকে স্বাগত জানাই।”

উল্লেখ্য, ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি স্থানীয় একটি বেসরকারি কারখানার সিএসআর (CSR) প্রকল্পের অর্থায়নে এই আধুনিক ক্লাসরুম তৈরি করেছে। কারখানার কর্ণধার শ্রীকুমার ডালমিয়া জানিয়েছেন, আগামী দিনে এই স্কুলের জন্য কম্পিউটারসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তাও তাদের কোম্পানি প্রদান করবে।