এবার বেঙ্গালুরুতেই ডিজিটাল অ্যারেস্ট! ক্যামেরার সামনে ২ মহিলাকে নগ্ন করে টাকা লুট ভুয়ো পুলিশের

দেশের ‘টেক সিটি’ হিসাবে পরিচিত বেঙ্গালুরুতেই এবার ডিজিটাল অ্যারেস্টের নামে মারাত্মক প্রতারণার শিকার হলেন দুই মহিলা। শারীরিক পরীক্ষার নামে তাঁদের ক্যামেরার সামনে নগ্ন হতে বাধ্য করা হয় এবং হাজার হাজার টাকা লুঠ করা হয় বলে অভিযোগ উঠেছে। সাইবার প্রতারকরা টানা ৯ ঘণ্টা ধরে ভুয়ো পুলিশ সেজে এই দুষ্কর্ম ঘটিয়েছে।

গত ১৭ জুলাই বেঙ্গালুরুর ৪৬ বছর বয়সি এক মহিলার বাড়িতে তাঁর এক বান্ধবী এসেছিলেন। সেই সময় হঠাৎই তাঁদের কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা প্রতারক নিজেকে মুম্বইয়ের কোলাবা থানার পুলিশ আধিকারিক বলে পরিচয় দেয়। সে জানায়, দুই মহিলার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। এরপরই প্রতারক তাঁদের গ্রেপ্তারি সংক্রান্ত কিছু জাল নথি পাঠায়। স্বাভাবিকভাবেই, দুই মহিলা আতঙ্কিত হয়ে পড়েন।

অভিযোগ উঠেছে, গ্রেপ্তারি এড়ানোর জন্য তাঁদের কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা দাবি করা হয়। এখানেই শেষ নয়, শারীরিক পরীক্ষার নামে তাঁদের ক্যামেরার সামনে নগ্ন হতেও বাধ্য করা হয়। এই দুই মহিলার বয়ান অনুযায়ী, মোট ৯ ঘণ্টা ধরে তাঁদের ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল।

গত শনিবার বেঙ্গালুরুর পূর্ব সিইএন থানায় দুই মহিলা এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই মহিলার মধ্যে একজন তথ্যপ্রযুক্তি কর্মী এবং অপরজন যোগ শিক্ষক।

উল্লেখ্য, গত বছরের শেষ দিক থেকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নামে প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে। প্রতারকরা সিবিআই, ইডি বা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম ব্যবহার করে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সাইবার প্রতারণা থেকে নাগরিকদের বাঁচাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হলেও, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের প্রতারণার খবর আসতেই থাকছে। বেঙ্গালুরুর এই ঘটনা সাইবার প্রতারণার এক নতুন এবং ভয়াবহ দিক সামনে এনেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।