এবার ছবি পাঠাতে WhatsApp নয়! Pixel 10 সিরিজের ফোন থেকে iPhone-এ কীভাবে কাজ করবে নতুন ফাইল শেয়ারিং ফিচার?

অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS) ব্যবহারকারীদের মধ্যে দীর্ঘদিনের একটি বড় সমস্যা ছিল—সরাসরি ফাইল শেয়ারিং। এতদিন ছবি, গান বা অন্য কোনো ফাইল সরাসরি এই দুই ভিন্ন প্ল্যাটফর্মের ডিভাইসের মধ্যে শেয়ার করা সম্ভব হতো না। সেক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হতো, যার ফলে ফাইলের কোয়ালিটি লস হতো। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে।
Google-এর বড় ঘোষণা:
গত ২০ নভেম্বর Google-এর পক্ষ থেকে একটি ব্লগ পোস্ট করে জানানো হয়, বন্ধু এবং পরিবারের মধ্যে কোনো মুহূর্ত শেয়ার করার সময় যেন কোনো ডিভাইস বাধা হয়ে না দাঁড়ায়। আর সেই জন্যই এবার থেকে Google-এর Quick Share এবং Apple-এর AirDrop খুব সহজেই একসঙ্গে কাজ করবে। এর ফলে অ্যান্ড্রয়েড ও অ্যাপলের ডিভাইসের মধ্যে সরাসরি এবং কোয়ালিটি লস ছাড়াই ফাইল শেয়ারিং সম্ভব হবে।
আপাতত সুবিধা পাচ্ছেন যারা:
তবে এই সুবিধা বর্তমানে শুধুমাত্র Pixel 10 সিরিজের ফোনগুলিতেই পাওয়া যাবে। অন্য কোনো অ্যান্ড্রয়েড ও অ্যাপলের ডিভাইসের মধ্যে এই ফাইল শেয়ারিং-এর সুবিধা এখন চালু হচ্ছে না।
যেসব Pixel মডেলে এই সুবিধা পাওয়া যাবে, সেগুলো হলো:
Pixel 10
Pixel 10 Pro
Pixel 10 Pro XL
Pixel 10 Pro Fold
কীভাবে কাজ করবে নতুন ফিচার?
এতদিন ফাইল ট্রান্সফারের জন্য হোয়াটসঅ্যাপের (WhatsApp) মতো মেসেজিং অ্যাপ বা ডেটা কেবল ব্যবহার করে ল্যাপটপের মাধ্যমে ডেটা ট্রান্সফার করা হতো। কিন্তু পিক্সেল 10 সিরিজের ক্ষেত্রে এই পদ্ধতি আরও সহজ হবে:
১. প্রথমে iPhone ব্যবহারকারীকে ফাইল গ্রহণের জন্য ‘Accept’ করতে হবে। ২. এরপর Pixel ফোন থেকে যে ফাইলটি পাঠাতে চাইছেন, সেটির ওপর লং প্রেস করে Share > Quick Share অপশনে ট্যাপ করতে হবে। ৩. iPhone থেকে ‘Accept’ করলেই নির্দিষ্ট ফাইলটি দ্রুত ট্রান্সফার করা সম্ভব হবে।
এই পদক্ষেপটি মোবাইল ফাইল শেয়ারিং-এর ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল।