বিরিয়ানি মানেই কি ক্যালোরির ভয়? তেল ছোঁয়া ছাড়াই দুধ দিয়ে বানিয়ে ফেলুন হোটেল ফেল করা এই পদ

বিরিয়ানি খেতে কে না ভালোবাসে? নাম শুনলেই জিভে জল আসে খাদ্যরসিকদের। হায়দরাবাদি হোক কিংবা কলকাতার আলুযুক্ত স্পেশ্যাল স্টাইল—বিরিয়ানির প্রতি দুর্বলতা নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে ওজন বাড়ার ভয় বা ডায়েটের কথা ভেবে অনেকেই মন থাকা সত্ত্বেও এই লোভনীয় পদ থেকে দূরে থাকেন। কিন্তু আপনি কি জানেন, এক ফোঁটা তেল ব্যবহার না করেই দারুণ সুস্বাদু বিরিয়ানি তৈরি করা সম্ভব? আজ আপনাদের জন্য রইল দুধ দিয়ে তৈরি এক স্বাস্থ্যকর ও সুস্বাদু ‘ডায়েট বিরিয়ানি’-র সহজ রেসিপি।
দুধ দিয়ে বিরিয়ানি বানাতে কী কী লাগবে?
প্রধান উপকরণ: আধ কেজি মটন ও ২ কাপ বাসমতি চাল।
মসলা ও ফোড়ন: ৩টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ আদা ও রসুন থেঁতো, ৫-৬টি কাঁচা লঙ্কা কুচি, গোটা গরম মশলা, শাহী জিরে এবং পরিমাণমতো নুন।
অন্যান্য: পর্যাপ্ত দুধ, পরিমাণমতো ঘি, ধনেপাতা কুচি ও পুদিনাপাতা কুচি।
সুস্বাদু ডায়েট বিরিয়ানি বানানোর সহজ পদ্ধতি:
১. চাল ও মাংস সেদ্ধ: প্রথমে বাসমতি চাল এবং মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। ফুটন্ত জলে নুন ও চাল দিয়ে ভাত আধা-সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে থালায় ছড়িয়ে দিন।
২. মসলার পুঁটলি তৈরি: তিনটি পরিষ্কার পাতলা সাদা কাপড় নিন। প্রথমটিতে ধনেপাতা, পুদিনাপাতা ও কাঁচা লঙ্কা; দ্বিতীয়টিতে শাহী জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তৃতীয়টিতে থেঁতো করা আদা, রসুন ও পেঁয়াজ কুচি আলাদাভাবে রেখে পুঁটলি বানিয়ে সুতো দিয়ে মুখ ভালো করে বেঁধে দিন।
৩. প্রেসার কুকারের রান্না: এবার প্রেশার কুকারে মাংস নিন এবং তৈরি করে রাখা তিনটি মশলার পুঁটলি তার মধ্যে দিয়ে দিন। এর সঙ্গে এক চামচ ঘি, দেড় কাপ জল, স্বাদমতো নুন এবং দুই কাপ দুধ দিন। কুকারের ঢাকনা বন্ধ করে ৪-৫টি সিটি দিয়ে নিন। সিটি পড়ার পর ঢাকনা খুলে পুঁটলিগুলো তুলে ফেলে মাংস ভালো করে নেড়ে নিন।
৪. দম দেওয়ার পালা: এবার একটি বড় হাঁড়ির গায়ে ঘি মাখিয়ে নিন। প্রথমে হাঁড়িতে রান্না করা ভাত ছড়িয়ে দিন, তার উপরে সেদ্ধ মাংসগুলো দিন। সামান্য নেড়ে তার উপর ঘি এবং মাংসের অবশিষ্ট গ্রেভি ছড়িয়ে দিন। পাত্রটি ভালোভাবে ঢাকা দিয়ে উপরে কোনো ভারী বস্তু চাপা দিয়ে কিছুক্ষণ দমে রাখুন।
ব্যাস! চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই ঢাকনা খুলে হাতা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি আপনার তেল ছাড়া সুস্বাদু ও পুষ্টিকর ‘ডায়েট বিরিয়ানি’। আজই বাড়িতে ট্রাই করুন আর ডায়েটের সঙ্গে আপস না করেই জমে উঠুক আপনার উইকেন্ড মেনু!