এনকাউন্টারে খতম বিহারের ৪ ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার! ভোটের আগে স্বস্তিতে পুলিশ

বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য পেল বিহার ও দিল্লি পুলিশ। বিহার পুলিশের ঘুম উড়িয়ে দেওয়া কুখ্যাত অপরাধী চক্র ‘সিগমা অ্যান্ড কোং’ (Sigma & Co.) গ্যাংয়ের চার ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’ পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। বুধবার রাত আড়াইটা নাগাদ দিল্লির রোহিনী এলাকার বাহাদুর শাহ মার্গে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। বিহার পুলিশ ও দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এটি একটি বিশেষ যৌথ অভিযান ছিল।

নিহত গ্যাংস্টারদের পরিচয়: পুলিশ সূত্র অনুযায়ী, নিহত চার গ্যাংস্টারের নাম হল:

রঞ্জন পাঠক (২৫): ‘সিগমা অ্যান্ড কোং’-এর প্রধান।

বিমলেশ মাহাতো (২৫)

মণীশ পাঠক (৩৩)

আমন ঠাকুর (২১)

প্রথম তিনজন বিহারের সীতামঢ়ির বাসিন্দা হলেও, আমন ঠাকুরের বাড়ি ছিল দিল্লির কারাওয়াল নগরে।

বহু সংগঠিত অপরাধের মাথা রঞ্জন পাঠক: বিহার পুলিশের দাবি, রঞ্জন পাঠক দীর্ঘদিন ধরেই এই গ্যাংটি চালাচ্ছিল এবং বিহারের সীতামঢ়ী-সহ একাধিক জেলা এবং নেপাল সীমান্ত পর্যন্ত তাদের অবাধ আনাগোনা ছিল। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সূত্র বলছে, তোলাবাজি, খুন, অপহরণ, ডাকাতি এবং প্রাণনাশের হুমকির মতো অসংখ্য মামলা রয়েছে ‘সিগমা অ্যান্ড কোং’ গ্যাংয়ের বিরুদ্ধে। এছাড়া, বিহারের ‘ব্রহ্মশ্রী সেনা’-র প্রধান গণেশ শর্মা, মদন শর্মা এবং আদিত্য সিংয়ের খুনেও রঞ্জন ও তার দলবল সরাসরি জড়িত ছিল।

কীভাবে হলো এনকাউন্টার? পুলিশ সূত্র মারফত জানা যায়, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের সময় একাধিক অপরাধমূলক কার্যকলাপের জন্য সুপারি নিয়ে রেখেছিল ‘সিগমা অ্যান্ড কোং’ গ্যাং। এই গোপন খবর পেয়েই গ্যাংস্টারদের ধরার জন্য ফাঁদ পাতা হয়।

বুধবার রাত দেড়টা নাগাদ বিহার পুলিশ ও দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা ডক্টর আম্বেদকর চক ও পানসালি চকের মাঝখানে ছোট ছোট দলে ভাগ হয়ে পজিশন নেন। সোর্স মারফত রঞ্জনদের ডেকে আনা হয়েছিল।

রাত আড়াইটা নাগাদ গ্যাংস্টাররা সেখানে পৌঁছতেই পুলিশ তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু আত্মসমর্পণে রাজি না হয়ে তারা মুড়িমুড়কির মতো গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে কোনওরকম ঝুঁকি না নিয়ে পুলিশও পালটা গুলি চালায়। তাতেই চার গ্যাংস্টারের দেহ ঝাঁঝরা হয়ে যায়। গুলিবিদ্ধ চারজনকে দ্রুত দিল্লির ডক্টর বিএসএ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। চারজন গ্যাংস্টার নিহত হওয়ায় আপাতত স্বস্তিতে বিহার পুলিশ।