‘এখনও কি মাথায় তৃণমূল ঘুরছে?’ জনকল্যাণ শিবিরের অব্যবস্থায় প্রকাশ্যেই মেজাজ হারালেন মন্ত্রী!

সরকারি শিবিরের অব্যবস্থা দেখে প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। নিজের বিধানসভা এলাকা সিউড়িতে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’ পরিদর্শনে গিয়ে পরিকাঠামোর বেহাল দশা দেখে মেজাজ হারান তিনি। শুধু ধমক দেওয়াই নয়, দায়িত্বরত কর্মীদের শো-কজ করারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

গত ১৫ জুন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘জনকল্যাণ শিবির’। তৃণমূলের আমলের ‘দুয়ারে সরকার’-এর আদলে ডবল ইঞ্জিন সরকারের এই উদ্যোগের মাধ্যমে মোট ৫৫টি রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে শুরুর কয়েকদিনের মধ্যেই এই শিবিরের কাজ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

মঙ্গলবার সিউড়ির সিধু-কানু মঞ্চে আয়োজিত শিবির পরিদর্শনে যান মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি দেখেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত সরকারি ব্যানারগুলি সঠিকভাবে লাগানো হয়নি। এমন উদাসীনতা দেখে কার্যত বিরক্ত মন্ত্রী ফিন্যান্স অফিসারকে ডেকে কড়া ধমক দেন।

এদিন মন্ত্রী তীব্র ভর্ৎসনার সুরে বলেন, “এখনও কি মাথার মধ্যে তৃণমূল ঘুরছে নাকি?” সরকারি কাজে এমন গাফিলতি যে তিনি বরদাস্ত করবেন না, তা স্পষ্ট জানিয়ে দেন সিউড়ির বিজেপি বিধায়ক। সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত শো-কজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বীরভূম জেলাজুড়ে গত তিন দিন ধরে মন্ত্রী স্বয়ং এই শিবিরগুলি পরিদর্শন করছেন। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার ও বার্ধক্য ভাতার মতো জনমুখী প্রকল্পগুলিতে উপভোক্তাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এমন অবস্থায় দলীয় কর্মীদের কাজের মান ও সরকারি শিবিরের পরিকাঠামো নিয়ে মন্ত্রীর এই ক্ষোভ স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy