‘এখনই সময় সফল পরীক্ষা করার’! দক্ষিণ কোরিয়া সফরে শি জিনপিংয়ের বৈঠকের পরই ট্রাম্পের বড় ঘোষণা

নিজের এশিয়া সফরের মাঝেই নিজের দেশের সামরিক দফতরকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া পেজ ‘ট্রুথ সোশ্যালের’ মাধ্যমে এই বার্তা পোস্ট করে তিনি জানিয়েছেন যে, “এখনই সময় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা নিরীক্ষা করা এবং সমস্ত কিছু যাচাই করে নেওয়া।”

হঠাৎ কেন এই দাবি?

জানা গিয়েছে, এই নির্দেশের নেপথ্যে রয়েছে রাশিয়ার সাম্প্রতিক সামরিক অগ্রগতি। সোমবারের পর বুধবারও রাশিয়া নতুন পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা করেছে। তারা বুরভেস্টেনিকের পর পোসাইডন সাবমেরিনেরও সফল পরীক্ষা চালিয়েছে। মস্কোর এই পাল্টা শক্তি প্রদর্শনের জবাবেই যেন ট্রাম্প এবার আমেরিকার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা শুরু করতে চাইছেন।

জিংপিংয়ের সঙ্গে বৈঠকের পরই ঘোষণা:

বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়ার একাধিক দেশে সফর করছেন। মালয়েশিয়া ও জাপান সফরের পর বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। সেখানেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তাঁর বৈঠক হয়। এই উচ্চ-পর্যায়ের বৈঠকের কিছুক্ষণ পরই ট্রাম্প আমেরিকার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেন।

ট্রাম্পের দাবি ও মন্তব্য:

ট্রাম্প আরও দাবি করেন যে,

“আমেরিকার কাছে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি পরমাণু অস্ত্র রয়েছে। আমার প্রথম মেয়াদেই মজুত অস্ত্রের নবীকরণ এবং তার সংস্কারের মাধ্যমে এই সাফল্য এসেছে।”

ট্রাম্প বলেন, “রাশিয়া দ্বিতীয় স্থানে এবং চিন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে, তবে আগামী পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে চলে আসবে।” যদিও এই পরীক্ষা সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি, শুধু বলেছেন যে “প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে।” রিপাবলিকান প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির এই দুই নেতার এটি প্রথম মুখোমুখি বৈঠক।