এক মুহূর্তে নিভে গেল হাসি! ঘরের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া মোহনপুরে

উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার মোহনপুর চণ্ডিবাড়ি গ্রামে এক যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃতের নাম বিবেকানন্দ পাত্র (৩৩)। বাড়ির ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন প্রতিদিনের মতো নিজের ঘরের কাজ করছিলেন বিবেকানন্দ। সেই সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা চিৎকার শুনে ছুটে এসে বিবেকানন্দকে অচেতন অবস্থায় দেখতে পান।

দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করার পর যুবককে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বৈদ্যুতিক তারে ত্রুটির কারণেই সম্ভবত এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। এই ঘটনায় ওই পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন।

হাড়োয়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত বৈদ্যুতিক লাইনগুলির পরিদর্শন ও মেরামতির ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন করুণ দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।