এক মিনিটের মধ্যে ম্যানেজারকে বেঁধে ব্যাংকে ডাকাতি! কীভাবে পালালো ডাকাতদল?

সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এমন এক রোমহর্ষক ঘটনা ঘটল কর্নাটকের চাদাচান শহরে। মঙ্গলবার বিকেলে তিনজন দুষ্কৃতী মিলিটারি পোশাকে, হাতে বন্দুক নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে তারা ব্যাঙ্কের কর্মী ও ম্যানেজারকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে হাত-পা বেঁধে শৌচাগারে আটকে রাখে। এরপর ক্যাশ ভল্ট ও গোল্ড লকার খুলে প্রায় ২০ কোটি টাকার গয়না এবং ১ কোটি টাকা নগদ লুট করে পালায়।
পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
ডাকাতির খবর পেয়ে পুলিশ সুপারিন্টেন্ডেন্টসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাকাতেরা একটি ভ্যান ব্যবহার করেছিল, যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও, গাড়িতে নকল নম্বর প্লেট লাগানো থাকায় তাদের শনাক্ত করা যায়নি।
পুলিশের তদন্তে আরও জানা গেছে, অভিযুক্তরা কর্নাটকে ডাকাতি করে মহারাষ্ট্রের দিকে পালিয়ে যায়। মহারাষ্ট্রের সোলাপুর জেলায় তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এরপর স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হলে তারা গাড়ি ফেলে টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়।
বর্তমানে কর্নাটক ও মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। এই চাঞ্চল্যকর ঘটনা পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।