এক মাস ধরে জলমগ্ন ঘর! ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু দেড় বছরের শিশুর

মালদার মানিকচকের ভূতনির গৌরাঙ্গটলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিছানা থেকে পড়ে জমা জলে ডুবে মৃত্যু হয়েছে মাত্র দেড় বছর বয়সী এক শিশুর। গত এক মাস ধরে বাঁধ ভেঙে এই এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। বন্যার কারণে অনেকে বাড়িতেই মাচা তৈরি করে আশ্রয় নিয়েছিলেন, সেই মাচাতেই ঘটে এই দুর্ঘটনা।
পরিবারটি বন্যার কারণে ঘরের মধ্যে জলের ওপর একটি মাচা তৈরি করে ঘুমিয়েছিল। মা-বাবা ঘুম থেকে উঠলেও শিশুটি সেখানেই ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় হঠাৎই সে বিছানা থেকে পা পিছলে জমা জলে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এর আগে গত দোসরা আগস্ট বিরাটিতেও একই ধরনের ঘটনায় জমা জলে ডুবে এক পাঁচ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, প্রায় এক মাস ধরে তাদের ঘরে বৃষ্টির জল জমে ছিল। এই ধরনের দুর্ঘটনা আবারও বন্যার সময় নিরাপদ আশ্রয়ের অভাব এবং প্রশাসনিক সহায়তার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।