এপ্রিলের তপ্ত রোদে বাংলার রাজনৈতিক পারদ এখন টগবগ করে ফুটছে। একুশের নির্বাচনের পর ২০২৬-এর এই মহারণে কি ফের ঘাসফুল ফুটবে, নাকি এবার গেরুয়া ঝড়ে ওলটপালট হবে তখত-তাউস? নির্বাচনের ঠিক আগে ‘ম্যাট্রিজ’-এর মেগা জনমত সমীক্ষায় উঠে এল এক রুদ্ধশ্বাস লড়াইয়ের ইঙ্গিত। সমীক্ষা বলছে, এবার আর একতরফা জয় নয়, বরং ১৪৮-এর ম্যাজিক ফিগার ছুঁতে ঘাম ছুটবে দুই প্রধান প্রতিপক্ষেরই।
আসন ও ভোটের সম্ভাব্য সমীকরণ:
সমীক্ষা অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৪০ থেকে ১৬০টি আসন (৪৩% ভোট)। অন্যদিকে, বিজেপি প্রবল টক্কর দিয়ে ১৩০ থেকে ১৫০টি আসনে জয়ী হতে পারে (৪১% ভোট)। বাম-কংগ্রেস ও অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৮ থেকে ১৬টি আসন।
ফ্যাক্টর যখন ‘হুমায়ুন-ওয়েইসি’:
এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের নেপথ্যে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। তৃণমূল ত্যাগী হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’ এবং আসাদউদ্দিন ওয়েইসির মিমের (AIMIM) জোট শাসকদলের সাজানো বাগানে থাবা বসাতে পারে। মুসলিম ভোট ভাগ হলে তার সরাসরি সুবিধা বিজেপি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একুশের ৪৮ শতাংশ ভোটব্যাঙ্ক ধরে রাখা এবার তৃণমূলের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।





