পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে অবরুদ্ধ হরমুজ প্রণালী নিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে রণংদেহী মেজাজে ভারত। ব্রিটেনের নেতৃত্বে আয়োজিত ৬০টিরও বেশি দেশের এক মেগা ভার্চুয়াল বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট জানান, এই সংঘাতের জেরে বিশ্বব্যাপী একমাত্র ভারতীয় নাবিকরাই প্রাণ হারিয়েছেন। ডিরেক্টরেট জেনারেল অফ শিপিংয়ের তথ্য অনুযায়ী, বিদেশি বাণিজ্যিক জাহাজে হামলায় এ যাবৎ অন্তত তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
ভারতের কড়া বার্তার পাশাপাশি এই বৈঠকের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক ছিল আমেরিকার অনুপস্থিতি। কূটনৈতিক মহলের মতে, ইরানের ওপর হামলায় ব্রিটেন ওয়াশিংটনকে সাহায্য না করায় ক্ষুব্ধ আমেরিকা এই বৈঠক বয়কট করেছে। তবে দিল্লির নিজস্ব কূটনৈতিক প্রচেষ্টা ফল দিতে শুরু করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ইরানের সঙ্গে নিরন্তর আলোচনার ফলে গত কয়েকদিনে অন্তত ছ’টি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছে।
ভারতের জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যিক জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত করতে কূটনৈতিক পথই একমাত্র সমাধান বলে বৈঠকে জোর দিয়েছে নয়াদিল্লি। সামুদ্রিক বাণিজ্যের এই প্রাণকেন্দ্রটিকে সচল রাখতে আন্তর্জাতিক চাপ তৈরির পাশাপাশি তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখছে সাউথ ব্লক।





