“রাজনীতি এখন বিনোদন!” শহরে পা রেখেই কেন এমন বিস্ফোরক মন্তব্য অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের?

দেশজুড়ে হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজের দাপুটে মুখ দিব্যেন্দু ভট্টাচার্য এবার ফিরলেন নিজের শহরে। কলকাতার অলিতে-গলিতে শুটিং সেরে আবেগপ্রবণ অভিনেতা। দীর্ঘক্ষণ স্টুডিয়োতে কাটানোর ফাঁকে তাঁর মনে ভিড় করেছে ‘নবীনা’ সিনেমা হলে ছবি দেখার পুরনো স্মৃতি। খাস কলকাতার ছেলে দিব্যেন্দু শুটিংয়ের ফাঁকে চুটিয়ে উপভোগ করেছেন বিরিয়ানি থেকে চেলো কাবাব।

তবে অভিনেতা হিসেবে তাঁর মনে একটা খচখচানি রয়েই গিয়েছে। বলিউডে পরিচিত মুখ হলেও বাংলা ছবিতে তাঁকে দেখা যায় খুব কম। দিব্যেন্দুর কথায়, “আমি অনেক বাংলা ছবি করতে চাই, চাই বাংলা ছবির পরিধি আরও বাড়ুক।” সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষের সেই সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে তিনি আফসোস করেন যে, যে ছবি একসময় বিশ্বজয় করত, তা এখন ঘরের হল ভরাতে হিমশিম খাচ্ছে।

সামনেই নির্বাচন, শহরজুড়ে রাজনৈতিক উত্তাপ। কিন্তু অভিনেতার কাছে এই রাজনীতির সংজ্ঞাই বদলে গিয়েছে। তাঁর মতে, “রাজনীতি এখন বিনোদন। একে ঘিরেও এখন কনটেন্ট তৈরি হচ্ছে। ভোট দেওয়া ছাড়া রাজনীতি নিয়ে আমার আলাদা কোনও উচ্ছ্বাস নেই।” দেশের মঙ্গল কামনা করলেও দিব্যেন্দু স্পষ্ট জানালেন, রাজনীতিকে সিরিয়াসলি নেওয়ার দিন ফুরিয়েছে।