ইউকো ব্যাঙ্কের (UCO Bank) এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তাঁর অধস্তনদের সঙ্গে ‘স্বৈরাচারী’ এবং ‘আপত্তিকর’ আচরণের অভিযোগ উঠেছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ব্যাঙ্কের এক কর্মচারীই প্রথম এই বিষয়টি প্রকাশ্যে আনেন এবং এখন সেই পোস্ট হু হু করে ভাইরাল। চেন্নাই জোনাল প্রধানের বিরুদ্ধে তোলা তাঁর অভিযোগ ব্যাঙ্কিং দুনিয়ায় বড়সড় বিতর্ক তৈরি করেছে।
অভিযোগকারী যা জানালেন:
অভিযোগকারী কর্মচারী ব্যাঙ্কের ম্যানেজমেন্টের কাছে ইমেলের মাধ্যমে চেন্নাই জোনাল প্রধান আরএস অজিতের (R S Ajit) বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, এই বস কর্মক্ষেত্রে “ভয় ও নিপীড়নের” পরিবেশ তৈরি করেছেন এবং কর্মীদের সঙ্গে পেশাদারের মতো নয়, বরং ‘চাকর-বাকরের’ মতো আচরণ করেন।
অভিযোগপত্রে সেই কর্মকর্তার আচরণের কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়েছে, যা নেটিজেনদের ক্ষোভের কারণ:
পারিবারিক সঙ্কটে ছুটি: এক কর্মীর মা মারা যাওয়ার পর ছুটি চাইলে বস নাকি বলেন, “সবাই মা মারা যায়…বেশি নাটক করো না তো!”
মেয়ের অসুস্থতা: আরেক কর্মচারীর মেয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় ছুটি চাইলে তাঁকে অপমান করে বলা হয়, “তুমি ওখানে থেকে কী করবে, তুমি কি ডাক্তার, অফিসে এসো না হলে বেতন-ছাড়া ছুটি নাও।”
অবমাননাকর মন্তব্য: আরেক কর্মীর স্ত্রী হাসপাতালে ভর্তি হলে ছুটি চাওয়া হয়। তাতে বসের উত্তর ছিল, “এমনিতেও তুমি অপদার্থ!” এরপর তাঁর ছুটির আবেদনটি অবমাননাকর মন্তব্য করে খারিজ করে দেওয়া হয়।
এই পোস্ট ভাইরাল হওয়ার পর নেটিজেনরা কমেন্ট সেকশনে এই আচরণকে ‘বর্বর’ ও ‘একনায়কতন্ত্র’ বলে ধিক্কার জানিয়েছে। অনেকে এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নজরে আনার দাবি জানিয়েছেন।
যদিও এই গুরুতর অভিযোগের বিষয়ে ইউকো ব্যাঙ্ক বা তাদের চেন্নাই জোনাল অফিস কেউই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তবে কর্মক্ষেত্রের সংস্কৃতি নিয়ে এই ঘটনা ব্যাঙ্কিং মহলে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।





