একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু, এসি বিস্ফোরণে পুড়ে ছাই বাড়ি

হরিয়ানার ফরিদাবাদে এসি বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য এবং তাদের পোষা কুকুরটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে গ্রিনফিল্ড এলাকার একটি চারতলা আবাসনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ভোর সাড়ে ৩টা নাগাদ সচীন কাপুরের ফ্ল্যাটের এসি কম্প্রেসর বিস্ফোরণের ফলে বাড়িতে আগুন ধরে যায়। এই ঘটনায় ৪৯ বছর বয়সী সচীন কাপুর, তাঁর স্ত্রী ৪৮ বছর বয়সী রিঙ্কু কাপুর এবং তাঁদের ১৩ বছর বয়সী কন্যা সুজ্জইন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। তাদের পোষা কুকুরটিও এই আগুনে মারা যায়। পরিবারের অন্য এক সদস্য সামান্য আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাদের দরজা বন্ধ থাকায় বাড়ল বিপদ
প্রতিবেশীরা জানিয়েছেন, এসি বিস্ফোরণের পর পুরো ভবনটি ঘন কালো ধোঁয়ায় ভরে যায়। প্রাণ বাঁচাতে পরিবারটি ছাদে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় তারা আর উপরে যেতে পারেননি। ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য বাদশাহ খান হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত আগস্ট মাসেও হরিয়ানার ভিওয়ানির হাঁসি গেটে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। দমকল বিভাগ সেই ঘটনার কারণ হিসেবেও শর্ট সার্কিটকেই দায়ী করেছিল।