‘এই BDO-দের দিয়ে SIR করাবে?’, তরুণজ্যোতি তিওয়ারির বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে একনায়কতন্ত্রের তত্ত্ব

আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর (SIR) শুরু হতে চলেছে। এর ঠিক আগে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে, তখনই প্রশাসনিক দফতরে তৃণমূলের সর্বোচ্চ নেতার সভা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক।

শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাবনি এবং কাঁকসার বিডিও (BDO) অফিসগুলিতে রাজনৈতিক সভা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ‘অসাংবিধানিক’ কাজের বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতা এবং বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

বিজেপির বিস্ফোরক অভিযোগ: ‘ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা থাকবে না’
তরুণজ্যোতি তিওয়ারি তাঁর এক্স হ্যান্ডেলে স্পষ্ট অভিযোগ করে বলেন, যে বিডিও-রা এসআইআর-এর কাজে নেতৃত্ব দেবেন, তাঁদেরই প্রশাসনিক অফিসগুলিতে তৃণমূলের রাজনৈতিক বৈঠক হচ্ছে। তাঁর মতে, এর ফলে ভোটার তালিকার নিবিড় সংশোধনে কোনো রকম স্বচ্ছতা থাকবে না।

তরুণজ্যোতি তাঁর পোস্টে লেখেন, “BDO অফিসে অভিষেকের মিটিং বারাবনী আর কাঁকসায়। BDO অফিসগুলো রাজনৈতিক কাজে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। SIR সংক্রান্ত মিটিং হবে তাও আবার BDO OFFICE এ? এই সকল BDO দের দিয়ে SIR এর কাজ করাবে?” তিনি এই প্রশাসনিক দফতরগুলিতে রাজনৈতিক সভা আয়োজনকে অসাংবিধানিক বলে আখ্যা দেন।

রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া: ‘সংবিধানের উর্ধে নয়’
তরুণজ্যোতির এই অভিযোগকে গুরুতর বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, তৃণমূল সংবিধানের ঊর্ধ্বে নয়। কিন্তু এই ধরনের অসাংবিধানিক কাজকর্মের মাধ্যমে তারা রাজ্যে একনায়কতন্ত্র চালাচ্ছে বলে মনে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতা কিভাবে সংবিধানের প্রটোকল ভেঙে প্রশাসনিক দফতরগুলিকে কার্যত রাজনৈতিক পার্টি অফিসে পরিণত করতে পারেন, সেই প্রশ্নও উঠেছে।

সাধারণ মানুষ এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচন কমিশন যে উদ্দেশ্য নিয়ে এই ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু করতে চাইছে, প্রশাসনিক প্রভাব খাটানো বন্ধ না হলে সেই উদ্দেশ্য পূরণ হবে না।

শুভেন্দু অধিকারীর অভিযোগ: BLO নিয়োগে অনিয়ম
এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে নাম করে কিছু তৃণমূল ঘনিষ্ঠ বিএলও (BLO)-দের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ এনেছিলেন। শুভেন্দুর তরফ থেকে বড় অভিযোগ আসে যে, স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক থাকা সত্ত্বেও পার্ট টাইম শিক্ষকদের দিয়ে বিএলও-দের কাজ করান হচ্ছে, যা সংশোধনে অনিয়ম ডেকে আনছে।

তরুণজ্যোতি তিওয়ারির আজকের বিডিও অফিসে সভার অভিযোগ, বিরোধী মহলে সেই পুরনো অভিযোগকেই আবার নতুন করে উসকে দিল। তাঁদের মতে, প্রশাসনিক দফতরে এসআইআর নিয়ে আলোচনা ভোটার তালিকার সংশোধনের স্বচ্ছতা কমাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy