‘এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত!’ বিকৃত ভারত মানচিত্র পোস্টের পরই ছাত্রনেতার ওপর গুলি, মুখ খুললেন মহম্মদ ইউনুস

ভারতকে ‘টুকরো টুকরো’ করার বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি। এই চাঞ্চল্যকর হামলা প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস।

ইউনুসের কড়া বার্তা: ওসমান হাদির উপর হওয়া হামলাকে মহম্মদ ইউনুস ‘বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, “এই ধরনের হামলার চেষ্টাকে আমরা যেকোনও মূল্যে ব্যর্থ করে দেব। জাতির ওপর এ ধরনের অপশক্তির আঘাত কোনওভাবেই মেনে নেওয়া যাবে না।”

গুলিবিদ্ধ হওয়ার আগে বিতর্কিত পোস্ট: ওসমান হাদি, যিনি ঢাকা আট আসনের নির্দল প্রার্থী এবং ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র, গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেই ফেসবুকে একটি অত্যন্ত বিতর্কিত পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি ভারতের একটি বিকৃত মানচিত্র শেয়ার করেন।

বিচ্ছিন্নতা: মানচিত্রে ভারতের থেকে পঞ্জাব, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখিয়ে সেগুলিকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয়।

‘বৃহত্তর বাংলাদেশ’: অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহারের অধিকাংশ এলাকা, গোটা ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাটিকে ‘বৃহত্তর বাংলাদেশ’-এর অংশ হিসেবে দেখানো হয়েছিল।

সরকারের উপর চাপ: বাংলাদেশে সংসদ নির্বাচন ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ওসমান হাদির মাথায় গুলি করার ঘটনায় ইউনুস সরকার চরম চাপে পড়েছে। বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলতে শুরু করেছে।

হামলার জেরে সৃষ্ট উত্তেজনার আবহে গতকাল রাতেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ড. ইউনুস। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী মহম্মদ খোদা বখস চৌধুরী সহ পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকের পর ইউনুস জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য ছাত্রনেতাদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন। এছাড়া, হাদিকে গুলি করা ‘অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা’ যাতে সীমান্ত পার করে অন্য দেশে পালাতে না পারে, তার জন্য সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।