‘এই বিশেষ দিনে কিছুটা ছুটি নিন’, মোদির জন্মদিনে শুভেচ্ছা শাহরুখ খানের, কুর্নিশ মুকেশ ঋষি ও নাগার্জুনার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জীবনের এক বিশেষ মাইলফলকে পা রাখলেন, পালন করলেন তাঁর ৭৫তম জন্মদিন। এই বিশেষ দিনে দেশ-বিদেশের বহু রাষ্ট্রনেতা এবং বিশিষ্টজনেরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় বাদ যায়নি বলিউডও। সিনেমার তারকাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সুসম্পর্ক নতুন নয় এবং তাঁর জন্মদিনে শাহরুখ খান, মুকেশ ঋষি থেকে নাগার্জুনা-সহ আরও অনেক তারকা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন বলিউড বাদশা শাহরুখ খান তাঁর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “শুভ জন্মদিন সম্মানীয় নরেন্দ্র মোদিজি। দিনটা আনন্দের সঙ্গে কাটুক। সুস্থ থাকুন এই কামনা করি। আপনি যেন আপনার জন্মদিনে কিছুটা কাজ থেকে ছুটি পান, যাতে বিশেষ দিনটা উপভোগ করতে পারেন। অনেক শুভেচ্ছা।”

অভিনেতা মুকেশ ঋষি মোদিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে আমি তাঁকে শুভেচ্ছা জানাই। কামনা করি তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তাঁর সুস্থ থাকাটা জরুরি কারণ তিনি দেশকে প্রথম স্থানে দেখতে চান। দেশের জন্য তিনি যে শক্তি প্রয়োগ করেন এবং যেকোনো সময় যেকোনো জায়গায় যেতে প্রস্তুত থাকেন, তা তার সবচেয়ে বড় অর্জন।”

দক্ষিণী তারকা নাগার্জুনা এক আবেগঘন ভিডিও পোস্টে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে নিয়ে কিছু বলা আমার কাছে পরম সম্মানের।” নাগার্জুনা ২০১৪ সালে মোদির সঙ্গে গান্ধিনগরে তাঁর প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেন এবং বলেন যে দেশের জন্য মোদি যা করছেন, তাতে তিনি অনুপ্রাণিত।

শুধু তারকারা নন, মোদির জন্মদিনে বিজেপির পক্ষ থেকেও দেশজুড়ে একাধিক জনসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।