দক্ষিণী সুপারস্টার ধনুষ তাঁর প্রাক্তন স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নানা প্রেমের গুঞ্জনে খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি ফিল্মি পাড়ায় নতুন করে গুঞ্জন উঠেছে যে, ধনুষ নাকি অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছেন।
ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে ধনুষকে হাজির থাকতে দেখা যায়। সেখানেই ম্রুণালের সঙ্গে তাঁকে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এই ঘটনার পরই তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এখানেই শেষ নয়, ম্রুণালের ‘সন অফ সর্দার’-এর প্রিমিয়ারেও ধনুষকে মুম্বইতে দেখা গিয়েছিল। দক্ষিণী তারকার এই ঘন ঘন উপস্থিতি থেকেই অনেকে অনুমান করছেন যে, তাঁরা দুজনেই গভীর প্রেমে মগ্ন।
উল্লেখ্য, ২০২২ সালে ধনুষ এবং ঐশ্বর্যা রজনীকান্তের ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। বিচ্ছেদের পর এই প্রথম ধনুষের নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন প্রকাশ্যে এলো। এই মুহূর্তে ধনুষ ও ম্রুণাল কেউই তাঁদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে, ফিল্মি পাড়ার এই গুঞ্জন এখন টক অফ দ্য টাউন।





