আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালে ঘটে গেল এক ভয়াবহ বন্দুকবাজির ঘটনা। উৎসবের মেজাজে থাকা জনাকীর্ণ এলাকায় হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে গোটা চত্বর। এই হামলায় অন্তত ১২ জন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে বা এর নেপথ্যে কোনো বড় কোনো চক্র সক্রিয় কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলাকারী বা সন্দেহভাজনরা ঘটনার পরই এলাকা ছেড়ে পলাতক।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার বিকেল প্রায় সাড়ে ৫টা নাগাদ ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের সন্নিকটে গুলির শব্দ শোনার পর টলেডো পুলিশ বিভাগে খবর পৌঁছায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মকর্তারা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। শুরুতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও, পরে জানা যায়—একাধিক ব্যক্তি বুলেটের আঘাতে লুটিয়ে পড়েছেন। দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জোসেফ হেফারনান জানিয়েছেন, মোট ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ লেফটেন্যান্ট ড্যান গারকেন জানিয়েছেন, আহতদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি দীর্ঘ কর্মজীবনে এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হননি বলে মন্তব্য করেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী কেভিন বেরি জানান, তিনি বন্ধুদের সঙ্গে বসে লাইভ মিউজিক উপভোগ করছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে দেখেন চারপাশ ছোটাছুটি শুরু হয়েছে। তিনি নিজে অন্তত পাঁচজনকে চোখের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, উৎসবে হুল্লোড়ের মাঝেই কোনো বিষয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয় এবং সেখান থেকেই গোলাগুলির সূত্রপাত।
পুলিশের বিশাল বাহিনী বর্তমানে পুরো এলাকা ঘিরে ফেলেছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। আমেরিকার সাম্প্রতিক বন্দুকবাজির তালিকায় ওহাইওর এই ঘটনা নতুন করে নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়িয়ে দিল। তদন্তকারীরা আশ্বাস দিয়েছেন, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আপাতত উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয়েছে টলেডোর ওল্ড ওয়েস্ট এন্ড এলাকায়।





