উৎসবের মরশুমে ‘মদ বিক্রি’তে ফের শীর্ষে পূর্ব মেদিনীপুর! কালীপুজোর দিনে কত টাকার ব্যবসা হল, দেখুন চাঞ্চল্যকর রিপোর্ট

পুজো হোক বা অন্য কোনও উৎসব— মদ বিক্রির ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা যেন বারবার নিজের রেকর্ড নিজেই ভাঙছে। দুর্গাপূজার পর এবার কালীপুজোতেও সেই একই চিত্র ধরা পড়ল। আবগারি দফতরের দেওয়া হিসাব অনুযায়ী, কালীপুজোর একদিনেই প্রায় ৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।
এর আগে দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রায় ৩৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল এই জেলায়। সেখানে কালীপুজোর একদিনের মদ বিক্রির পরিসংখ্যান রীতিমতো নজর কেড়েছে।
একদিনে ₹৮ কোটির ব্যবসা
কালীপুজোর দিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে কাঁথি, হলদিয়া থেকে দিঘা, মন্দারমনি থেকে কোলাঘাট পর্যন্ত মোট ২৮৮টি মদের দোকান খোলা ছিল। আবগারি দফতরের রিপোর্ট অনুযায়ী, ওই একদিনেই জেলা জুড়ে মোট প্রায় ৭ কোটি ৭৭ লক্ষ ৯১ হাজার ৮৪ টাকার মদ বিক্রি হয়েছে।
বিক্রির পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায়, কালীপুজোর রাতে দেশি মদ বিক্রির পরিমাণ ছিল প্রায় ৭৪,৫৩৭ ব্যারেল লিটার, যেখানে বিদেশি মদ বিক্রি হয়েছে ৫০,৯০১ ব্যারেল লিটার। এছাড়া বিয়ার বিক্রির পরিমাণ ছিল প্রায় ৪৯,০১১ ব্যারেল লিটার। উল্লেখ্য, এইবার কালীপুজোর আনন্দ উচ্ছ্বাসে দেশি মদকে টেক্কা দিয়েছে বিদেশি মদ।
লক্ষ্যমাত্রা ₹১৮০০ কোটি
এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার আবগারি আধিকারিক মণীশ শর্মা জানিয়েছেন, “পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে কালীপুজোর দিন ২৮৮ টি মদের দোকান খোলা ছিল। এখানে সব মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার মদ কেনাবেচা হয়েছে।”
তিনি আরও জানান, চলতি অক্টোবর মাসের ১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত জেলা জুড়ে ১০৪ কোটি ৪ লক্ষ ৭২ হাজার ৭০৯ টাকার মদ বিক্রি হয়েছে এবং কালীপুজোর আবহে এই বিক্রির পরিমাণ আরও বাড়বে। চলতি অর্থবর্ষে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ১৮০০ কোটি টাকার মদ বিক্রির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আবগারি দফতরের রিপোর্ট অনুযায়ী, এই অর্থবর্ষে এখনও পর্যন্ত জেলায় ১০০০ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, প্রতি উৎসব আবহে মদ বিক্রিতে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের প্রথম সারিতে থাকে এবং কালীপুজোতেও সেই ‘ট্রেন্ড’ বজায় রইল।