উৎসবের আগে মোটা লাভের আশায় ছাই! পুলিশি অভিযানে বাজেয়াপ্ত বিপুল শব্দবাজি, কড়া বার্তা এগরা থানার

দীপাবলি ও কালীপুজোয় শুধুমাত্র সবুজ বাজি ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রশাসন। এই কড়াকড়ির মধ্যেও লুকিয়ে-চুরিয়ে বেআইনিভাবে বাজি পাচার, মজুত ও বিক্রির অভিযোগ বাড়ছিল। তারই মধ্যে বেআইনি বাজি কারবারিদের উপর বড়সড় আঘাত হানল এগরা থানার পুলিশ। বুধবার রাতে ওড়িশা সীমান্ত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, একটি ইঞ্জিন ভ্যান ব্যবহার করে ওড়িশা সীমান্ত পেরিয়ে অবৈধ শব্দবাজির একটি বড় চালান এগরায় আনা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযানে নামে এগরা থানার পুলিশ। সফল অভিযানে উদ্ধার করা হয় আনুমানিক সাত লক্ষ টাকা মূল্যের প্রায় পাঁচ কুইন্টাল (৫০০ কেজি) শব্দবাজি। একই সঙ্গে বাজিভর্তি ইঞ্জিন ভ্যানটিও আটক করা হয়েছে।
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন মুক্তেশ্বর পাত্র (৪৮) ও তপন খাটুয়া (৪১)। দু’জনেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা সংলগ্ন উত্তর তাজপুর এলাকার বাসিন্দা।
মোটা লাভের আশায় ভেস্তে দিল পুলিশ
পুলিশ জানিয়েছে, দীপাবলি, কালীপুজো ও ছটপুজোর আগে বাজারে শব্দবাজির চাহিদা তুঙ্গে ওঠে। এই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্তেরা বেআইনি বাজির ব্যবসা করে মোটা অঙ্কের মুনাফার আশায় ছিলেন। ওড়িশা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি এনে স্থানীয় বাজারে বিক্রি করাই ছিল তাঁদের পরিকল্পনা। তবে গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার পুলিশ তাঁদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিল।
এগরা থানার আইসি জানিয়েছেন, “দীপাবলির আগে লাগাতার এই অভিযান চলবে। বেআইনি বাজি কারবারের বিরুদ্ধে পুলিশ আরও কড়া পদক্ষেপ নেবে।” ধৃত দুই বাজি ব্যবসায়ীকে আজ বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।
পুলিশের এই সফল ও সময়োপযোগী অভিযানের পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের আশায় এগরাবাসী।