উত্তরপাড়ার একটি সরকারি প্রাথমিক স্কুলে ছাত্রীদের ওপর দীর্ঘদিনের যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলেরই এক শিক্ষক ছাত্রীদের ওপর পাশবিক অত্যাচার চালিয়ে আসছিলেন। বিষয়টি সামনে আসতেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, প্রথমে অভিযোগ নিতে পুলিশ গড়িমসি করলেও, উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী নির্যাতিতা শিশুদের পাশে দাঁড়িয়ে সরব হন।
এরপরই চন্দননগর পুলিশ কমিশনারেটের হস্তক্ষেপে নড়েচড়ে বসে প্রশাসন। পরিস্থিতি উত্তপ্ত দেখে গভীর রাতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়। তবে দীর্ঘদিনের এই পাশবিক ঘটনা নিয়ে পুলিশের প্রাথমিক নিষ্ক্রিয়তা এবং কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। স্কুলের নিরাপত্তা ও শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।





